৫০ পার করলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আজ ৫১ বছরে পা দিচ্ছে। এর মধ্য দিয়ে পূর্ণ হচ্ছে বাংলাদেশে যোগাযোগ ও সাংবাদিকতাবিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষার ৫০ বছর। ১৯৬২ সালের ২ আগস্ট বিভাগটি প্রতিষ্ঠিত হয়।দিবস উপলক্ষে বিভাগকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে সুবর্ণজয়ন্তী শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিবসের কার্যক্রম। বিভাগের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে শোভাযাত্রা টিএসসিতে শেষ হবে। সেখানে দুপুর ১২টায় আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিকতা বিভাগেরই অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি থাকবেন। স্মৃতিচারণা করবেন প্রাক্তন ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা। বিকেলে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রসঙ্গত, ১৯৬২ সালের ২ আগস্ট ডিপ্লোমা কোর্সের মাধ্যমে সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু। এরপর ১৯৭৭ সালে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালু করা হয়। বিভাগের নাম রাখা হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।