৫০ প্রশিক্ষণার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে অজ্ঞাত রোগে গত দুদিনে ৫০ জন প্রশিক্ষণার্থী অসুস্থ হয়ে পড়েছেন। জরুরি বিভাগে জায়গা না থাকায় পরিস্থিতি মোকাবিলায় নার্সিং ইনস্টিটিউটের নিচতলায় অস্থায়ী ওয়ার্ড বসিয়ে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হাসপাতালের রোগী, কর্মচারী ও নার্সদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সাহাদাৎ হোসেন ও বুধবার রাত ১২টায় পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি মোকাবিলায় ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল কুড়িগ্রামে আসছেন।শিক্ষার্থী নার্স শারমিন আখতার, উমেঞ্চ হাফতা জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ করে মাথাব্যথা, কাশি, বমি, গলাব্যথা ও পেটব্যথা শুরু হয়। তখন প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার কক্ষে ফিরে আসেন। রাতে প্রচণ্ড জ্বর ও পায়খানা শুরু হয়। একের পর এক শিক্ষার্থী আক্রান্ত হতে থাকেন। মেহেরুননেছা, রিফাতআরা, মারুফা খাতুন, সালমা খাতুন জানান, ইনস্টিটিউটে ৯১ জন শিক্ষার্থীর মধ্যে বুধবার ৪৩ জন অসুস্থ হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার আরও সাতজন অসুস্থ হন। প্রশিক্ষক শান্তি রাণী ও নিহারবানু জানান, এখন পর্যন্ত রোগের কারণ জানা যায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল, এক কক্ষে চাপাচাপি করে আটজন থাকায় এমন হতে পারে। কিন্তু রোগ না সারায় এবং কারণ না জানায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ইনস্টিটিউটের সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সাহাদাৎ হোসেন বলেন, রোগ যেন না ছড়ায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাইরাসটি অজ্ঞাত হওয়ায় ঢাকা রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট থেকে সাত সদস্যের একটি চিকিৎসক দল আজ বিকেলে কুড়িগ্রামে পৌঁছাবে।