৫০ পয়সার অ্যানথ্রাক্স-ভ্যাকসিন ২০ টাকায় বিক্রি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অ্যানথ্রাক্সের ভ্যাকসিনের সংকট রয়েছে। ৫০ পয়সা দামের একেকটি ভ্যাকসিন বিক্রি হয় ২০ টাকায়। এ দামেও সচরাচর ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার অ্যানথ্রাক্সের ১০ বোতল ভ্যাকসিন এসেছে। এক মাত্রা করে ভ্যাকসিনগুলো এক হাজার গবাদিপশুকে দেওয়া যাবে। কিন্তু এখানে ১৫ হাজার গরুর জন্য ১৫০ বোতল ভ্যাকসিনের চাহিদা রয়েছে। প্রতিটি গরুর জন্য এক মাত্রা ভ্যাকসিন প্রয়োজন। আর এক মাত্রা ভ্যাকসিনের দাম ৫০ পয়সা। গবাদিপশুর মালিক সোনাপুর গ্রামের খোরশেদ আলম ও চরবংশীর মাহবুব জানান, কমলনগর উপজেলায় অ্যানথ্রাক্স ধরা পড়ায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রাণিসম্পদ কার্যালয়ে ভ্যাকসিনের জন্য গরু নিয়ে ভিড় করেও তা পাচ্ছেন না। কিছু গরুকে ভ্যাকসিন দেওয়া হলেও গরুর মালিকদের কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ইসমাইল হোসেন বলেন, ‘রায়পুরে চাহিদার তুলনায় কম ভ্যাকসিন পাওয়া গেছে। আগামী কিছু দিনের মধ্যে আরও কিছু ভ্যাকসিন পাওয়া যেতে পারে। ভ্যাকসিন বাবদ বেশি টাকা নেওয়ার বিষয়ে আমি অবহিত নই। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।’