৫০ বছর ধরে চলা 'বদলা'র হাট
সকাল সাতটা। বরগুনার তালতলী উপজেলা সদর ইউনিয়নের ভূমি কার্যালয়ের সামনের মাঠে বেশ ভিড়। দূর থেকে দেখলে মনে হয়, হাট বসেছে। আসলে তা-ই। তবে এখানে পণ্যের পসরা নেই—এটা শ্রমিকের হাট। ৫০ বছর ধরে চলে আসছে এ ‘বদলা’র হাট।
সম্প্রতি এক বৃষ্টিবিঘ্নিত দিনে গিয়েও একই অবস্থা দেখা যায়। এদিনও সাত সকালে ছাতা মাথায় এসেছেন সবাই। যাঁরা শ্রম বিক্রি করতে এসেছেন, তাঁদের কাঁধে একেকটা পুঁটলি। এর ভেতরে কাপড়চোপড়, থালা-বাটি। অন্যের খেতে কাজ করার জন্য দূর-দূরান্ত থেকে এসেছেন তাঁরা।
স্থানীয় লোকজন বলেন, প্রতিদিনই মাঠটিতে শ্রমজীবী মানুষের হাট বসে। চলে সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত। কৃষকেরা দরদাম করে এখান থেকে শ্রমিক ঠিক করে নিয়ে যান। প্রতি রোববার তালতলীতে সাপ্তাহিক বাজার হওয়ায় এদিন হাট চলে সন্ধ্যা পর্যন্ত।
হাটে আসা কয়েকজন শ্রমিক বলেন, সকালবেলা তাঁদের চাহিদা বেশি। এ সময় তাঁরা মূল্যও পান বেশি। দুপুর গড়ালেই চাহিদা কমে যায়। দামও কমে। তবে কাজ না পেয়ে খুব কমজনই খালি হাতে ফেরেন।
স্থানীয়ভাবে এখানে শ্রমজীবীদের ‘বদলা’ বলা হয়। ৭০ বছরের বৃদ্ধও এখানে আসেন কাজের সন্ধানে। তাঁদের অধিকাংশই হতদরিদ্র। ক্রেতাদের সঙ্গে তাঁরা কেউ এক সপ্তাহ আবার কেউ এক মাসের জন্যও চুক্তিবদ্ধ হতে চান। দৈনিক ৩৫০ থেকে ৪০০ টাকা চুক্তিতে শ্রম দেন তাঁরা।
বাজার ঘুরে দেখা গেল, এখানে বয়স্ক ব্যক্তিদের চেয়ে কম বয়সী ও শরীর-স্বাস্থ্য ভালো এমন শ্রমজীবীদের চাহিদা বেশি। কথা হলো বরগুনার ছোট গৌরিচন্না, ফুলঝুড়ি, সরিষামুড়ি, আয়লা, চান্দখালী, বেতাগী, বকুলতলী, উত্তর বকুলতলী ছাড়াও ঝালকাঠির আমুয়া ও নলছিটি এলাকার কয়েকজন শ্রমজীবীর সঙ্গে।
বেতাগীর বকুলতলী গ্রামের সেন্টু হাওলাদার বলেন, গ্রামে এখন তেমন কাজকর্ম নেই। এক দিন কাজ করলে দুই দিন বসে থাকতে হয়। এতে পরিবার-পরিজন নিয়ে দুবেলা আহার জোটে না, খুব কষ্ট হয়। তাই এখানে এসেছেন দুই পয়সা রোজগার করতে।
উত্তর বকুলতলী গ্রামের জাকির বয়াতি বলেন, ‘এই সময় চাইদিকে অভাব। কাম-কাইজও খুব কম। মাইনসের হাতে টাকাপয়সা থাকে না। তহন মোগো দুর্দশা অয়। কিন্তু কাম না করলে খামু কী? ঘরে বউ-বাচ্চাসহ ছয়জন। দ্যাশে কাম নাই। হেই জন্য এইহানে আইছি।’
বালিয়াতলী গ্রাম থেকে আসা ৫০ বছর বয়সী ইয়াকুব আলী অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি বলেন, ‘ঘরে স্ত্রীসহ পাঁচজন মানুষ। এলাকার একজনের কাছ দিয়া ২০০ টাকা ধার আইন্না চাউল-সওদা কইর্যা দিয়া এইহানে আইছি।’
তালতলীর গাবতলী গ্রামের সোবাহান চাপরাশি এলাকার বড় কৃষক। তিনি হাটে এসেছেন শ্রমিকের খোঁজে। বললেন, তিনজনকে নিয়েছি জনপ্রতি দৈনিক ৩৫০ টাকা মজুরিতে।
সোবাহান চাপরাশি বলেন, শ্রাবণ ও ভাদ্রের মাঝামাঝি তাঁদের এলাকায় আমনের চারা রোপণের মৌসুম। আশ্বিনে চারা রোপণ করলে ধানের ফলন ভালো হয় না। এ জন্য এখন চিন্তা, ১৫ দিনের মধ্যে সব জমি রোপণ করতে হবে। কিন্তু চাহিদা অনুযায়ী শ্রমিক পাওয়া যায় না। তাই এ হাটে এসেছেন।
বতিপাড়া গ্রামের মামুন ভূঁইয়া বলেন, আমনের চারা রোপণের জন্য তিনি দৈনিক জনপ্রতি ৩৭৫ টাকায় ছয়জন শ্রমিক নিয়েছেন। তাঁদের সঙ্গে চুক্তি হয়েছে, এক সপ্তাহের মধ্যে তাঁরা সব খেতে চারা রোপণ করে দেবেন।
জানতে চাইলে গতকাল বুধবার তালতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন মুনশি বলেন, তাঁর বয়স ৫২ বছর। তিনি ছোটবেলা থেকেই এ হাট দেখছেন। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এ হাট বসছে।