৫০ বছর পর কুমিল্লা সিটি করপোরেশন এলাকা হবে বাংলাদেশের দ্বিতীয় আবাসিক রাজধানী। এ জন্য পরিকল্পনাবিদ মহাপরিকল্পনা গ্রহণ করবেন। রাজনীতিবিদ নেবেন রাজনৈতিক সিদ্ধান্ত। সম্মিলিত উদ্যোগে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য সুন্দর কুমিল্লা গড়ে তুলতে হবে।গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লায় আয়োজিত ‘পঞ্চাশ বছর পর কুমিল্লা মহানগর: কীভাবে দেখতে চাই’ শীর্ষক এক মতবিনিময় সভায় কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন এসব কথা বলেন। কুমিল্লা পৌরসভার দুবারের নির্বাচিত সাবেক এই মেয়র বলেন, ‘তবে এই পরিকল্পনা কল্পনায় পর্যবসিত হবে, যদি সঠিক লোকের হাতে নেতৃত্ব না থাকে।’কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে শহরের কান্দিরপাড়ের টাউন হল মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার পাঁচজন সাংসদ, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সিটি করপোরেশনের প্রশাসক নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবদুল মতিন খসরু, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আলী আশরাফ, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের মো. মুজিবুল হক, সংরক্ষিত নারী আসনের সাংসদ জোবেদা খাতুন পারুল। এ ছাড়া বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান ও সফিকুল ইসলাম শিকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ সেলিম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি জহিরুল ইসলাম, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল হাসান।সভায় বক্তারা বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের আয়তন পর্যায়ক্রমে তিন গুণ বাড়াতে হবে। এখানে শিল্প কারখানা ও পোশাকশিল্প কারখানা গড়ে তুলে বেকারত্ব হ্রাস করা হবে। স্থাপন করা হবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী প্রজন্মের বাসিন্দারা নাগরিক সব সুযোগ-সুবিধা পেয়ে যেন আদর্শিকভাবে গড়ে উঠতে পারে সে পরিকল্পনা নিতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে করতে হবে প্রশস্ত সড়ক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান।উল্লেখ্য, চলতি বছরের ১০ জুলাই কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে।