৫০ বছর পরও উজ্জ্বল রমনার বটমূল

বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ। এর সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের পরিবেশনা। সংস্কৃতিচর্চায় দেশীয় ঐতিহ্য নিয়ে ১৯৬১ সালে ছায়ানট প্রতিষ্ঠিত হয়। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ায় বলা হয়েছে, পাকিস্তানি শাসনের প্রতিকূল পরিবেশে বিচারপতি মাহবুব মুর্শেদ, গোবিন্দচন্দ্র দেব, মোফাজ্জল হায়দার চৌধুরী প্রমুখ বুদ্ধিজীবী যেমন উদ্যোগী হলে ঢাকার কিছু সংস্কৃতিকর্মীও এগিয়ে আসেন রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ উদ্যাপনে। পরে সুফিয়া কামাল, মোখলেসুর রহমান, সায়েরা আহমদ, শামসুন্নাহার রহমান, আহমেদুর রহমান, ওয়াহিদুল হক, সাইদুল হাসান, ফরিদা হাসান, সন্জীদা খাতুন, মীজানুর রহমান, সাইফউদ্দীন আহমেদ মানিকসহ বহু অনুপ্রাণিত কর্মী সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে একটি সমিতি গঠন করার সিদ্ধান্ত নেন। ছায়ানট সে উদ্যোগের ফল। ছায়ানট বলছে, ১৯৬৭ সাল থেকে বর্ষবরণের এই আয়োজন চলছে। ষাটের দশকে রমনার বটমূলে পয়লা বৈশাখ উদ্যাপনের একটি পুরোনো ছবি পাওয়া গেল ইন্টারনেটে। তাতে বটগাছের নিচে জনা বিশেক শিল্পী আর বেশ কিছু দর্শককে দেখা যাচ্ছে। শিল্পীদের মধ্যে হারমোনিয়াম হাতে সন্জীদা খাতুনের ছবি বেশ স্পষ্ট। ছায়ানট সূত্রে জানা গেল, ১৯৬৭ সালে রমনার বটমূলে বর্ষবরণের যে উদ্যোগ শুরু হয়েছিল, এবার ২০১৭ সালে সেটি অর্ধশতক পার করছে। এ জন্য এবার পয়লা বৈশাখে রমনার বটমূলে সূর্যোদয়ের মুহূর্তে ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে উঠবেন ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও...,’। এর মাধ্যমে তাঁরা আসলে পুনরাবৃত্তি করবেন ৫০ বছর আগের সেই মুহূর্তের। কারণ অর্ধশতক আগে প্রথম বর্ষবরণের অনুষ্ঠানে এই গানটিও গাওয়া হয়েছিল। গানটি আজ পয়লা বৈশাখের একটা অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছে।

লেখা: শরিফুল হাসান। বর্তমান ছবি: হাসান রাজা