নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ ১৯৬৬ সালে যাত্রা শুরু করে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ৫০টি বেলুন ও কবুতর উড়িয়ে ৫০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাঙে দুই দিনের মিলনমেলা।
এর আগের দিন শুক্রবার সকাল নয়টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেন। সকাল ১০টা থেকে দিনব্যাপী স্মৃতিচারণা ও মতবিনিময় হয়। বিকেল পাঁচটা থেকে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল দ্বিতীয় দিনের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের এই মিলনমেলা।
গতকাল বেলুন ও কবুতর ওড়ানোর পর ৫০ বর্ষের ফলক উন্মোচন করা হয়। এরপর জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। জামালপুর-৫ আসনের সাংসদ ও পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং কলেজের প্রধান পৃষ্ঠপোষক শেখ আনোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফ হোসেন তরফদার।
প্রধান অতিথি শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বর্তমান যুগের সঙ্গে সংগতি রেখে বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে হবে। তারাই উন্নত ও আধুনিক বাংলাদেশের নির্মাতা হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শত বাধা অপেক্ষা করে বছরের প্রথম দিনই প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছিল। এ ছাড়া প্রতিটি বিদ্যালয়ের ৪০ শতাংশ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষাবান্ধব সরকার নানা চেষ্টায় প্রায় ৯৯ শতাংশ ছেলেমেয়েকে স্কুলে নাম লিখিয়েছে।
কলেজ কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে যাত্রা শুরু করে নান্দিনা এম এইচ কে পাইলট হাইস্কুল কাম কলেজ। ১৯৭১ সালে এর নামকরণ হয় নান্দিনা মহাবিদ্যালয়। এরপর কলেজটি সার্বিক উন্নয়ন করতে নান্দিনা এলাকার শেখ মো. আনোয়ার হোসাইন আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন। এরপর ২০০২ সালে এর নামকরণ হয় নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ। বর্তমানে এ কলেজের শিক্ষার্থী ৪ হাজার ৪ জন।