রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, উৎসবে অংশ নিতে এখন পর্যন্ত এক হাজার প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করছেন। রাঙামাটিতে অবস্থানকালে শিক্ষার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। উৎসব সফল করতে রাঙামাটির সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ১০ মার্চ সকাল ৯টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ থেকে পূর্তি উৎসবের শোভাযাত্রা বের হবে। বিকেল তিনটায় পূর্তি উৎসব আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, ১১ মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. মোয়াজ্জেম
হোসাইন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, রাঙামাটি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব আয়োজন কমিটির সদস্য সুনীল কান্তি দে, শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, অঞ্জুলিকা খীসা প্রমুখ।