উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার শুরু হয়েছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে সাবেক ছাত্রীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় নগরের মাসদাইর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক নাসরীন ওসমান, প্রধান সমন্বয়কারী সাদিয়া আফরোজ, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান, নিট পোশাক-সংশ্লিষ্ট শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর পরিচালক (অর্থ) জি এম ফারুক।
গতকাল সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ছাত্রীরা হাজির হতে শুরু করেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বিভিন্ন বয়সের সাবেক ছাত্রীরা। একজন আরেকজনকে জড়িয়ে ধরে বন্ধুত্বের ভালোবাসায় সিক্ত হয়ে ওঠেন তাঁরা। হাসি, আনন্দ, সহপাঠীদের সঙ্গে গল্প ও আড্ডায় মেতে ওঠেন তাঁরা। সেলফি তুলতে ব্যতিব্যস্ত হয়ে ওঠেন কেউ কেউ। অনেকে অতীত স্মৃতি হাতড়ে ফিরে যান সেই ছেলেবেলায়।
বিদ্যালয়ের প্রায় দেড় হাজার সাবেক ছাত্রী এই অনুষ্ঠানে যোগ দেন। সাবেক শিক্ষকদেরও সম্মাননা দেওয়া হয়।