৫০ বছর বয়সী গাছটি কেটে ফেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির মোহাম্মদ আখতারুজ্জামান ফটকের সামনে প্রায় ৫০ বছর বয়সী একটি মেহগনিগাছ কেটে ফেলা হচ্ছে। ইতিমধ্যে গাছটির সব কটি ডাল ছেঁটে ফেলা হয়েছে। এখন প্রায় ২৫ ফুট লম্বা মূল গাছটি কাটার প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এ গাছটি কেটে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

তবে ডিএসসিসির সম্পত্তি বিভাগ ও অঞ্চল-৩ সূত্রে জানা গেছে, গত অক্টোবরে আজিমপুর গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই গাছটি কাটার সিদ্ধান্ত হয়। ওই আবেদনে বলা হয়, গাছটি মোটা হওয়ায় মোহাম্মদ আখতারুজ্জামান ফটক দিয়ে প্রাইভেট কার নিয়ে বের হওয়ার সময় আজিমপুর রোডের দক্ষিণ দিক থেকে আসা যানবাহনের গতি বোঝা যায় না। এতে করে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ছাড়া গাছটিও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় হেলে পড়তে পারে। এরপর গত বছরের ৮ ডিসেম্বর গাছটি কেটে ফেলতে দরপত্র আহ্বান করে ডিএসসিসি। পরে চূড়ান্ত দরপত্রে গাছ কাটার কাজ পান ডিএ এন্টারপ্রাইজ। গত রোববার থেকে তিনজন শ্রমিক এই গাছটি কাটার কাজ শুরু করেন।

আজ মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, আখতারুজ্জামান ফটক থেকে প্রায় আট ফুট দক্ষিণ-পূর্ব পাশে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ওই মেহগনিগাছ। গাছের সব ডাল কেটে সড়ক ও ফুটপাতে স্তূপ করে রাখা হয়েছে। গাছটির চারপাশে প্রায় তিন ফুট গভীর করে মাটি খুঁড়ে শিকড়গুলো কেটে ফেলা হয়েছে। মূল গাছটি কাটার প্রস্তুতি নিচ্ছেন তিনজন শ্রমিক। গাছটির কারণে ওই ফটক দিয়ে প্রাইভেট কার চলাচলে কোনো সমস্যা হয় বলে মনে হয়নি। আজিমপুর গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দপ্তরে কাউকে পাওয়া যায়নি।

বিকেল চারটার ওই ফটক দিয়ে প্রাইভেট কার নিয়ে আজিমপুর রোডে বের হন গৃহিণী শাহিনা আক্তার। গাছটির কারণে কখনোই গাড়ি নিয়ে বের হতে সমস্যা হয়নি বলে জানান তিনি। প্রায় একই কথা বলেছেন প্রাইভেট কারের চালক আলম হোসেন ও মো. শামিম।

জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৩–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম আনছারুজ্জামান প্রথম আলোকে বলেন, গাড়ি চলাচলে অসুবিধা হওয়ার কারণ দেখিয়ে গাছটি কেটে ফেলতে ডিএসসিসির সম্পত্তি বিভাগে আবেদন করেছিল আজিমপুর গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এরপর কী সিদ্ধান্ত হয়েছে তা তিনি জানেন না। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, গাছ কাটার একটি দরপত্র হয়েছে। কিন্তু সেটি কোন এলাকার, তা জানা নেই।