ব্র্যাকের সুবর্ণজয়ন্তী
৫০ বছর মানুষের পাশে
সাত বছর ধরে বিশ্বের শীর্ষ এনজিওর স্বীকৃতি পাওয়া ব্র্যাকের ৫০ বছর পূর্ণ হচ্ছে আজ।
স্বাধীনতার পর বাংলাদেশ ছিল যুদ্ধবিধ্বস্ত, নানা সংকটে জর্জরিত। এমন দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায় বোধ করেন স্যার ফজলে হাসান আবেদ, স্বপ্ন দেখেন বড় কিছু করার। এর পরের বছরই তিনি সুনামগঞ্জের শাল্লায় ভারত থেকে ফিরে আসা মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠা করেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)। সেই শুরু; সমাজের পিছিয়ে পড়া মানুষের নানা সংকট দূর করার কাজ এখনো চলছে।
স্যার ফজলে হাসান আবেদের স্বপ্নের পথ ধরে বিকশিত ব্র্যাক আজ ‘শিখর’ ছুঁয়েছে। নানামুখী কর্মসূচির মাধ্যমে বিশ্বের ১০টি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সংস্থাটি। সাত বছর ধরে বিশ্বের শীর্ষ এনজিওর স্বীকৃতি পাওয়া ব্র্যাকের ৫০ বছর পূর্ণ হচ্ছে আজ। ব্র্যাক এখন শুধু উন্নয়ন সংস্থা নয়, বড় প্রতিষ্ঠান, যার সঙ্গে জড়িয়ে আছে ব্যাংক, বিশ্ববিদ্যালয়, সামাজিক ব্যবসাসহ নানামুখী উদ্যোগ।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যা ছয়টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি সংগঠন যে উন্নয়ন ও সামাজিক কাজে সুনির্দিষ্ট ও ফলপ্রসূ ভূমিকা পালন করে, ব্র্যাক তার জ্বলন্ত প্রমাণ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত শতকের আশির দশকের শুরুতে ব্যাপকভাবে ব্র্যাকের কার্যক্রম শুরু হয় শিশুমৃত্যুর অন্যতম প্রধান রোগ ডায়রিয়ার লাগাম টেনে ধরার মধ্য দিয়ে। স্যালাইনের ব্যবহার বৃদ্ধি, টিকাদান, ভিটামিন এ, কৃমিনাশকের ব্যবহার ব্র্যাকের উল্লেখযোগ্য কাজ। নিরাপদ প্রসবসেবায় যুক্ত হয়েছে ব্র্যাক। এ ছাড়া ব্র্যাকই প্রথম কমিউনিটিভিত্তিক যক্ষ্মা নিয়ন্ত্রণের দিশারি প্রকল্প শুরু করেছিল।
শিশুশিক্ষা কার্যক্রমেও ব্র্যাকের অবদান অনেক। প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৫৮৭ শিক্ষার্থী আছে ব্র্যাকের কার্যক্রমে। এখন ব্র্যাক গুরুত্ব দিচ্ছে মানসম্মত শিক্ষার প্রসারে।
গত পাঁচ দশকে ব্র্যাকের স্বাস্থ্যসেবা পেয়েছে দেশের প্রায় ১১ কোটি মানুষ। স্বাস্থ্য খাতে ব্র্যাকের উজ্জ্বল উপস্থিতি তার স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির কারণে। গুরুত্ব পেয়েছে অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদানকারী মা, কিশোরী, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং প্রতিবন্ধী। অগ্রাধিকার পেয়েছে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ।
৫০ বছরে ব্র্যাককে কেমন দেখছেন, জানতে চাইলে সংস্থাটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, স্যার ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠা করা ব্র্যাক সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নানা সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে কাজ করছে। আর্থিক সেবা দিতে ব্যাংক, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়, পিছিয়ে পড়া উদ্যোক্তাদের সারথী হতে আড়ং প্রতিষ্ঠা করেছে এবং নতুন নতুন কার্যক্রমে যুক্ত হচ্ছে।
এসব প্রতিষ্ঠানের অর্জিত লাভের অংশ মানুষের সেবায় ব্যয় করা হয় জানিয়ে আসিফ সালেহ আরও বলেন, ২০০২ সালে আফগানিস্তানে কর্মসূচি চালুর মাধ্যমে ব্র্যাক ইন্টারন্যাশনালের যাত্রা শুরু। এখন ১০টি দেশে সরাসরি কাজ চলছে। সারা বিশ্বে ১৫ হাজারের বেশি কর্মী ও স্বেচ্ছাসেবক রয়েছেন।
বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলাতেও কাজ করেছে ব্র্যাক। সচেতনতা তৈরি, করোনার নমুনা সংগ্রহে সারা দেশে বুথ পরিচালনা, অ্যান্টিজেন পরীক্ষা এখনো চলছে। বিনা মূল্যে কয়েক কোটি মাস্ক বিতরণ করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশেও নানাভাবে দাঁড়িয়েছে ব্র্যাক।
দেশের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে চলছে ক্ষুদ্রঋণ কার্যক্রম। এ ছাড়া নারীর দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য শুরু করেছিল সামাজিক ব্যবসার। ব্র্যাক ডেইরি, ফিশারিজ, নার্সারিসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে ব্র্যাক।
ব্র্যাকের সব ধরনের কার্যক্রম প্রচলিত এনজিও বা বেসরকারি সংগঠনের ধারণাকে ছাপিয়ে গিয়ে ভিন্ন মাত্রা যুক্ত করেছে বলে মনে করেন ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি সংগঠন যে উন্নয়ন ও সামাজিক কাজে সুনির্দিষ্ট ও ফলপ্রসূ ভূমিকা পালন করে, ব্র্যাক তার জ্বলন্ত প্রমাণ।