৫০ বছরে নৌদুর্ঘটনায় ২০ হাজার মানুষের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত ৫০ বছরে নৌদুর্ঘটনায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কোনো হালনাগাদ তথ্য নেই।

রাজধানীর কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে ‘৫০ বছরে নৌদুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ‘জাতীয় নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৭’ ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে।

প্রতিবেদনে বলা হয়, গত ৫০ বছরে নৌদুর্ঘটনা হয়েছে ২ হাজার ৫৭২টি, প্রাণহানি ঘটেছে ২০ হাজার ৫০৮ জনের এবং সম্পদের ক্ষতি হয়েছে ৩ হাজার ৪১৭ কোটি ২০ লাখ টাকার। এ ছাড়া ৯০১টি নৌযান উদ্ধার করা সম্ভব হয়নি। ২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পরিসংখ্যানে দেখানো হয়, ২০০৭ সালে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়, ২ হাজার ১৭৭ জনের।

অনুষ্ঠানে জাতীয় কমিটির প্রধান উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, দুর্ঘটনার কারণ সব চিহ্নিত হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। সামনে ঈদ, কিন্তু আনন্দের চেয়ে বিপদের চিন্তা করতে হচ্ছে।

সারা দেশে অসংখ্য অবৈধ নৌযান চলাচলের জন্য বিআইডব্লিউটিএ-কে দায়ী করেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম ইনামুল হক।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস বলেন, দেশে নৌপরিবহন নিরাপত্তা ব্যবস্থায় নজর নেই। ঈদ এলে একটি বিজ্ঞাপন দেয় ধারণক্ষমতার বেশি যাত্রী না ওঠানোর জন্য। কিন্তু এসবের পাশাপাশি নিয়ন্ত্রণও করতে হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর কাছে নৌদুর্ঘটনার দীর্ঘমেয়াদি পরিসংখ্যান সংরক্ষিত নেই। অনুষ্ঠানে একটি নিরাপদ নৌপরিবহন ব্যবস্থার দাবিও জানানো হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মীর তারেক আলী বলেন, জীবন রক্ষাকারী জ্যাকেট বা বিভিন্ন সামগ্রী থাকলে সেগুলো মেয়াদোত্তীর্ণ কি না, তা দেখতে হবে।

সংগঠনের উপদেষ্টা মো. শহীদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটিজেন রাইটস মুভমেন্টের জ্যেষ্ঠ সহসভাপতি এনায়েতুর রহিম, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল প্রমুখ।