৫০ বছরেও হয়নি পাকা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর গ্রামে প্রায় ৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে মুকসুদপুর সামসুদ্দীন শিকদার উচ্চবিদ্যালয়। কিন্তু এত বছরেও এই বিদ্যালয়ে পাকা ভবন হয়নি।বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান, বিভিন্ন সময় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন মন্ত্রী ও সাংসদেরা। তাঁরা পাকা ভবন তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তাঁরা প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখছেন না।এলাকাবাসী জানান, গত ৫০ বছরে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় বেশ সুনাম কুড়িয়েছে এই প্রতিষ্ঠানটি।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান শিকদার জানান, তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠান জেএসসি ও এসএসসি পরীক্ষায় বরাবরই ভালো ফল করে আসছে। খেলাধুলায়ও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করে আসছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী জানান, তাঁর বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। একাধিকবার শিক্ষা অধিদপ্তরে অবকাঠামো নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখনো পাকা ভবন হয়নি। তিনি আরও জানান, বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংখ্যা কম হওয়ায় পাঠদানে সমস্যা হচ্ছে। এ ছাড়া শিক্ষকসংকট তো রয়েছেই।স্থানীয় অভিভাবক আবদুল খালেক জানান, বিদ্যালয়টি বৈষম্যের শিকার। নতুন নতুন বিদ্যালয়গুলোতে পাকা ভবন হলেও অনেক পুরোনো এই প্রতিষ্ঠানের দিকে কারও নজর নেই।বিদ্যালয় সূত্র জানায়, গত পাঁচ বছরে এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের পাসের হার ৯৬ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উপজেলার অন্যান্য বিদ্যালয়ের চেয়ে বেশি।দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নি আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ছুটিতে আছি। এ ব্যাপারে কিছু বলতে পারব না।’দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ অবকাঠামো তৈরির ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলেছে। কিন্তু বিষয়টি তাঁর এখতিয়ারে নেই।