৫০ বছর পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানল, পর্যটকদের বিনা শুল্কে গাড়ি ছাড় দেওয়ার বাধ্যবাধকতা বাংলাদেশের নেই। কারণ এ-সংক্রান্ত জাতিসংঘ সনদে বাংলাদেশ কখনোই স্বাক্ষর করেনি। অথচ এর মধ্যেই বিলাসবহুল ২৪৬টি গাড়িকে এই সুবিধা দেওয়া হয়ে গেছে। আর তাতে বাংলাদেশের রাজস্ব ক্ষতি প্রায় ২০০ কোটি টাকা। শুধু রাজস্ব ক্ষতিই নয়, সুবিধা পাওয়া ১১৮টি গাড়ির হদিসও পাচ্ছে না এনবিআর।
ভুল করে দেওয়া এই সুবিধার নাম ‘কারনেট দ্য প্যাসেজ’। এর আওতায় পর্যটক হিসেবে যেকোনো বিদেশি নাগরিক বিনা শুল্কে গাড়ি আনতে পারেন। এসব গাড়ির অবস্থানের অনুমতি দেওয়া হয় তিন থেকে ছয় মাসের জন্য। মূলত জাতিসংঘের দুটি আন্তর্জাতিক সনদের (কনভেনশন) অধীনে বিশ্বের বিভিন্ন দেশে ‘কারনেট দ্য প্যাসেজ’ নামে পর্যটকদের এই শুল্কমুক্ত গাড়ি আনার সুবিধা দেওয়া হয়। সনদ দুটি হলো জাতিসংঘের কাস্টমস কনভেনশন অন দ্য টেম্পোরারি ইম্পোর্টেশন অব প্রাইভেট রোড ভেহিক্যালস, ১৯৫৪ এবং কাস্টমস কনভেনশন অন দ্য টেম্পোরারি ইম্পোর্টেশন অব কমার্শিয়াল রোড ভেহিক্যালস, ১৯৫৬।
‘কারনেট দ্য প্যাসেজ’-সুবিধা দিতে জাতিসংঘের দুটি সনদে স্বাক্ষরকারী দেশের তালিকা জাতিসংঘের ওয়েবসাইটে রয়েছে। এনবিআর দেখেছে, সেই তালিকায় বাংলাদেশের নাম নেই। এর ফলে শুল্ক-করমুক্তভাবে গাড়ি খালাসের বাধ্যবাধকতা বাংলাদেশের ওপর প্রযোজ্য নয়। একইভাবে যেসব গাড়ি কারনেটের আওতায় আমদানি হয়েছে, সেসব গাড়ি শুল্ক-করমুক্তভাবে খালাসেরও সুযোগ নেই। এর ফলে ১৯৬৩ সাল থেকে চালু এই সুবিধা ২০১৩ সালে বন্ধ করে দিয়েছে সরকার।
এনবিআর এ বিষয়ে অনুসন্ধান করে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী, ৫০ বছর সুবিধাটি চালু থাকলেও ২০০৬ সাল পর্যন্ত খুব বেশি গাড়ি আসেনি। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলের শেষ দিক থেকে শুরু করে বর্তমান সরকারের প্রথম মেয়াদের শুরুর দিকে এই সুবিধার আওতায় বিনা শুল্কে গাড়ি আনার প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মূলত যুক্তরাজ্য-প্রবাসী সিলেটি বংশোদ্ভূতরা দেশে আসার সময় ‘কারনেট দ্য প্যাসজ’-সুবিধার আওতায় দামি গাড়ি নিয়ে আসেন। পরে ফিরে যাওয়ার সময় তা বিক্রি করে দিয়ে যান, যা পুরোপুরি বেআইনি।
এভাবে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত হামার, মার্সিডিজ বেঞ্জসহ শতাধিক বিলাসবহুল গাড়ি ফিরে যায়নি। এতে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
বিভিন্ন দুতাবাস, সাহায্য সংস্থা ও অগ্রাধিকার পাওয়া ব্যক্তিরা বাংলাদেশে বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন। এসব গাড়ি বিক্রি বা হস্তান্তর করা যায় না। কোনো কারণে বিক্রি বা হস্তান্তর করতে গেলে সরকারকে শুল্ক-কর দিতে হয়।
১১৮টি গাড়ির খোঁজ নেই: এনবিআরের প্রতিবেদন অনুযায়ী, ‘কারনেট দ্য প্যাসেজ’ সুবিধার আওতায় ১৯৬৩ থেকে ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে ৩১৫টি গাড়ি এসেছে। বেশির ভাগই এসেছে যুক্তরাজ্য থেকে। এর মধ্যে ২৪৫টি গাড়ি খালাস করা হয়েছে। ৭০টি গাড়ি চট্টগ্রাম বন্দরে এখনো পড়ে আছে। কারনেট-সুবিধা বন্ধ করে দেওয়ায় এই গাড়িগুলো খালাস করা হয়নি। খালাস করা গাড়িগুলোর মধ্যে ১৩১টি গাড়ি ফেরত গেছে। ফেরত যায়নি ১১৪টি গাড়ি। এর বাইরে বেনাপোল বন্দর দিয়ে তিনটি ও কমলাপুর আইসিডি দিয়ে একটি গাড়ি এলেও কোনোটিই ফেরত যায়নি। সব মিলিয়ে ১১৮টি গাড়ি ফেরত যায়নি। এগুলো বাংলাদেশের মধ্যেই অবৈধভাবে রয়ে গেছে।
কারনেট-সুবিধা নিতে নিয়মানুযায়ী পর্যটকেরা প্রথমে ‘রয়েল অটোমোবাইল ক্লাব অব ইউকে’তে নিবন্ধন নেন এবং গাড়ির মূল্যের ১০ শতাংশ অর্থ জামানত হিসেবে জমা রাখেন। প্রতিটি দেশেই পর্যটকদের জন্য রয়েল অটোমোবাইল ক্লাবের শাখা রয়েছে। বাংলাদেশের শাখাটির নাম অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)। এএবি থেকেই কারনেট-সুবিধা পাওয়ার সনদ নিতে হয়। সংগঠনটির বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ রয়েছে।
এএবির সভাপতি আজমালুল হোসেন কিউসির সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হয়। কিন্তু বারবারই তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে। এএবি কার্যালয়ে ফোন করেও কাউকে পাওয়া যায়নি। এই সংগঠনের অন্য কোনো কর্মকর্তাকেও পাওয়া যায়নি।
গাড়ির মালিকেরা ফিরে যাওয়ার আগে গাড়ি হারিয়ে গেছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং ইংল্যান্ডে পৌঁছে সেই জিডির কপি দেখিয়ে জামানতের অর্থ তুলে নেন। এভাবে এত দিন চলেছে বিলাসবহুল গাড়ির বাণিজ্য।
পুলিশ কেন এসব গাড়ি ধরে না, জানতে চাইলে ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন, প্রটোকল ও ট্রাফিক) মিলি বিশ্বাস শনিবার প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে শুল্কমুক্ত সুবিধায় আসা গাড়ির কোনো তালিকা নেই। তিনি আশা করেন, এসব গাড়ির একটি তালিকা এনবিআর পুলিশকে দেবে।
একটি গাড়ির শুল্ক আদায়: এনবিআরের প্রতিবেদনে যেসব গাড়ি ফেরত যায়নি, সেগুলোর মালিক বা ব্যবহারকারীদের কাছ থেকে শুল্ক-কর আদায়ের সুপারিশ করা হয়। তবে গত এক বছরে মাত্র একটি বিলাসবহুল গাড়ি ব্যবহারকারীর কাছ থেকে শুল্ক আদায় করতে পেরেছে শুল্ক বিভাগ।
অবৈধভাবে চলা ১১৮টি গাড়ির মধ্যে এনবিআর সব মিলিয়ে মাত্র পাঁচটি গাড়িকে চিহ্নিত করেছে। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, গাড়িগুলোর মালিকদের কাছ থেকে শুল্ক ও কর আদায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এভাবে শুল্কবিহীন গাড়ি আমদানি করে নিয়মনীতির বাইরে যাঁরা গাড়ি বিক্রি বা হস্তান্তর করে চলে গেছেন, তাঁদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে।
শুল্ক ও কর আদায়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আমরা নোটিশ পাঠিয়েছি এবং তাঁদের জবাবের অপেক্ষায় আছি।’
জানা গেছে, কাস্টমস আইনের ২০২ ধারায় ৭৬টি গাড়ির মালিকদের বিদেশের ও দেশের ঠিকানায় সম্প্রতি চিঠি পাঠিয়েছে এনবিআর।
খালাস নিয়ে জটিলতা: কারনেট দ্য প্যাসেজ-সুবিধা বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৭০টি গাড়ির খালাস নিয়ে ভবিষ্যৎ অনিশ্চিত। এই গাড়িগুলো এখন যথাযথ শুল্ক-কর দিয়ে খালাস করতে হবে। যেহেতু গাড়িগুলো বাংলাদেশে আসার আগেই ব্যবহার করা হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন পর্যটক। তাই এই গাড়িগুলো পুরোনো।
আমদানিনীতি অনুযায়ী, বাংলাদেশে পাঁচ বছরের পুরোনো গাড়ি আমদানি করা নিষিদ্ধ। তাই এই গাড়িগুলো খালাস করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ ছাড়পত্র (সিপি) নিতে হবে। তবে সেই ছাড়পত্র নিয়ে এখনো কোনো গাড়ি খালাস হয়নি বলে চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে।