৫০ মণ মুলায় একটি ইলিশ!
৫০ মণ মুলা বিক্রি করে একটি বড় ইলিশ কেনার টাকাও জুটছে না। কথাটি অবিশ্বাস্য হলেও সত্য। পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় কৃষকেরা উৎপাদিত মুলা হাটে নিয়ে পানির দরেও বেচতে পারছেন না। প্রতি মণ মুলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে।
অন্যদিকে বেড়া-সাঁথিয়ার বাজারে বেশ কয়েক দিন ধরে দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ উঠতে শুরু করেছে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকায়। অবশ্য বাজারে ছোট ইলিশ (৫০০ থেকে ৭০০ গ্রাম ওজন) বিক্রি হচ্ছে সাড়ে পাঁচ শ থেকে সাত শ টাকা কেজি দরে।
কৃষকেরা অবশ্য মুলা বিক্রি করে বড় ইলিশ কেনা তো দূরের কথা, ছোট ইলিশও কেনার কথা ভাবতে পারছেন না। তাঁদের এখন একটাই চিন্তা—কী করে চাষ করা মুলা থেকে মুক্তি পাবেন। কারণ, জমির মুলা না ওঠাতে পারলে পেঁয়াজসহ অন্য কোনো ফসলের আবাদ সেই জমিতে তাঁরা করতে পারছেন না। তাই অনেকেই হাটে দাম না পেয়ে জমি থেকে মুলা তুলে ফেলে দিচ্ছেন বা গরুকে খাওয়াচ্ছেন। উত্তরাঞ্চলের অন্যতম পাইকারি সবজির হাট বেড়ার করমজা হাটে গত বৃহস্পতিবার পাঁচ মণ মুলা এনেছিলেন সাঁথিয়ার শহীদনগর গ্রামের কৃষক এনামুল হক। ৫৫ টাকা দরে মুলা বিক্রির পর তিনি বলেন, জমি থেকে মুলা তুলে হাটে নিয়ে আসার খরচই তাঁর ওঠেনি। মুলা বিক্রির টাকার সঙ্গে বড় ইলিশ কেনার প্রসঙ্গ তোলা হলে মুচকি হেসে তিনি বলেন, ‘একটা বড় ইলিশের দাম তিন-চার হাজার টাকা। সেই হিসাবমতো একটা বড় ইলিশ কিনব্যার গেলি ৫০ মণ মুলা বেইচ্যাও তো কাম হবি না।’
করমজা হাটের সবজির আড়ত কুদরত ভান্ডারের ব্যবস্থাপক বেংকু মিয়া বলেন, ‘অনেক কৃষক ৫০ থেকে ৬০ টাকা মণ দরেও মুলা বেচপ্যার পারত্যাছে না। মূলা বেচপ্যার না পাইর্যা কেউ কেউ হাটেই তা ফালায়া দিয়্যা যাত্যাছে।’
বেড়ার রূপপুর গ্রামের কৃষক দীন মোহাম্মদ বলেন, ‘মুলা আবাদ করা জমিতে পেঁয়াজের আবাদ করা লাগবি। এ জন্য অনেকেই মুলা তুইল্যা গরুকে খাওয়াচ্ছে। কারণ, হাটে ফেলানো দামেও মুলা বেচা যাত্যাছে না।’