৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সাংসদের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে গ্রামীণ ব্যাংকের উপজেলার কচুয়া শাখার এক মাঠকর্মীর আঘাতে আবদুস সালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান।গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাসাইল ও সখীপুর আসনের সরকারদলীয় এই সাংসদ। তিনি এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য জন্য গ্রামীণ ব্যাংকের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং এই ঘটনায় নিহত সালামের পরিবারের করা মামলার খরচ দাবি করেছেন। অন্যথায় পরিস্থিতির আলোকে আগামীকাল কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে নিহত আবদুস সালামের স্ত্রী ফুল খাতুন, ছেলে আবু সাঈদ, সখীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান শওকত শিদকার, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সাংসদ শওকত মোমেন শাহজাহান। তিনি বলেন, কচুয়া গ্রামের নিহত আবদুস সালামের ছেলে আবু সাঈদ গ্রামীণ ব্যাংক থেকে ২৩ হাজার টাকা ঋণ নেন। সপ্তাহে ৪০০ টাকা কিস্তিতে দুই বছরে এই ঋণ শোধ করার কথা। গত ১৪ আগস্ট ছেলের কিস্তি পরিশোধ করার বিষয়ে তথ্য জানতে গেলে আবদুস সালামের সঙ্গে ব্যাংকের মাঠকর্মী ইসহাক উদ্দিনের সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ইসহাক তলপেটে লাথি মারলে আবদুস সালাম (৮১) অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতেল ভর্তি করা হয়। ১০ দিন পর গত ২৫ আগস্ট তিনি মারা যান। পরদিন এলাকাবাসীর বিক্ষোভের মুখে গ্রামীণ ব্যাংকের কুচয়া কার্যালয় বন্ধ করে দিয়ে এর কর্মীরা গা-ঢাকা দেন।সাংসদ শওকত মোমেন বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে গ্রামীণ ব্যাংক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি। এমনকি ড. ইউনূস সাহেবও এ বিষয়ে কিছু বলেননি। এ কারণে আমি বিস্মিত ও মর্মাহত।’ এ বিষয়ে দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সরকারের বিভিন্ন সংস্থাকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।ড. ইউনূস এখন আর এ ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট নন। এর পরও তাঁর দুঃখ প্রকাশ না করায় বিস্মিত হওয়ার কারণ কী—এ প্রশ্নের জবাবে সাংসদ বলেন, ‘যে যা-ই বলুক, গ্রামীণ ব্যাংক তো ড. ইউনূসের সন্তান। এটার সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক আছে। সেদিক থেকে তিনি পরিবারটির প্রতি সহানুভূতি জানাতে পারতেন। ওই অধিকার নিয়ে এ কথা বলেছি।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিহত আবদুস সালামের ছেলে আবু সাঈদ জানান, মৃত্যুর আগ পর্যন্ত তাঁর বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তখন স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র—এঁরা কেউ তাঁকে দেখতে যাননি।এ সময় সাংসদ শওকত মোমেন বলেন, ‘আমি জানতাম না রোগীর অবস্থা এত সিরিয়াস। এর পরও বলব, আমার যাওয়া উচিত ছিল।’ এ ব্যাপারে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোস্তফা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমিসহ গ্রামীণ ব্যাংকের জিএম ও দুজন ডিজিএম গত মঙ্গলবার সাংসদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছি। নিহত আবদুস সালামের কবর জিয়ারত করে তাঁর পরিবারের কাছেও ক্ষমা চেয়েছি। এ ছাড়া মাঠকর্মী ইসহাক উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেন, ঘটনার পর কচুয়া কার্যালয় সাংসদ বন্ধ করে দিয়েছেন। তা খুলে দেওয়ার জন্য সাংসদকে অনুরোধ করেও কোনো কাজ হচ্ছে না।এ বিষয়ে জানতে চাইলে সাংসদ শওকত মোমেন বলেন, ‘আমি বন্ধ করিনি। ওরাই খুলতে সাহস করছে না।’ এ ছাড়া গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করার কথা স্বীকার করেন।