৫০ লাখ টাকা ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ‘বিকাশ’-এর ৫০ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ সময় এলাকাবাসী ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবুল হোসেন নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
আটক বাবুলের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলবাগে।
স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার দেওয়ান সিএনজি ফিলিং স্টেশনের দ্বিতীয় তলায় বিকাশের কালিয়াকৈর শাখার কার্যালয়। গতকাল বেলা আড়াইটার দিকে ওই কার্যালয়ের প্রকল্প পরিচালক খন্দকার গোলাম কিবরিয়া ও সুপারভাইজার কাজী ফরিদ বিকাশের ৫০ লাখ ৪৬ হাজার টাকা কোনাবাড়ীতে ব্র্যাক ব্যাংকে জমা দিতে মোটরসাইকেলে করে রওনা হন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওঠার আগেই পাঁচ-ছয়জন ছিনতাইকারী দুটি মোটরসাইকেল নিয়ে এসে তাঁদের গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগভর্তি ৫০ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে জনতা ছিনতাইকারী দলের সদস্য বাবুলকে ধরে ফেলে। তবে অন্যরা টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জনতা বাবুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।