৫০ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া বাজারের মৌসুমি ফসল ব্যবসায়ী বিজয়কৃষ্ণ রায়কে (৪০) গত সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর বাড়ি লোহাগড়া বাজারসংলগ্ন পোদ্দারপাড়ায়। উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, বিজয়কৃষ্ণ রায় উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে মৌসুমি ফসল কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন। ব্যবসায়ীরা বিজয় রায়ের কাছে ৪০ থেকে ৫০ লাখ টাকা পাবেন। তাঁদের অভিযোগ, বিজয় রায় টাকা নিয়ে পালিয়ে গেছেন। লোহাগড়া বাজারের ব্যবসায়ী খন্দকার ইয়ার আলী জানান, বিজয়ের কাছে তিনি পাঁচ লাখ ১৪ হাজার টাকা পাবেন। এ টাকা নিয়ে সম্ভবত তিনি ভারতে চলে গেছেন। তিনি বলেন, ১০-১২ দিন আগে স্ত্রী-পুত্রকে পাঠিয়ে দিয়েছেন। লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি সরদার ওয়াহিদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে গত বুধবার বিকেলে বণিক সমিতির কার্যালয়ে বৈঠক হয়। এখানে প্রায় ৪০ জন ব্যবসায়ী বিজয়ের কাছে টাকা পাবেন বলে দাবি করেন। এই হিসাবে বিজয় ৪০ থেকে ৫০ লাখ টাকার দেনা। এ বৈঠকে বিজয়ের বাবা বিনয়কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন। বিজয়ের বাবা বিনয়কৃষ্ণ রায় প্রথম আলোকে বলেন, তার স্ত্রী-পুত্র ১০-১২ দিন আগে বাবার বাড়িতে গিয়েছিল। তারাও সেখানে নেই।