৫০ লাখ টাকার গাছ তিন লাখে বিক্রি
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী বিভাগীয় রেলের ৫০ লাখ টাকার বেশি মূল্যের গাছ মাত্র সোয়া তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। রেলের কর্মকর্তাদের গাফিলতির কারণে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা প্রভাব খাটিয়ে এসব গাছ কিনে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার রাতে পাকশী রেল কার্যালয়ে টাকা জমা দিয়ে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আনিসুর রহমান ওরফে বাদল গাছগুলো কিনে নেন।
পাকশী রেল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কালবৈশাখীতে পাকশীর বিভিন্ন স্থানে শতবর্ষী কড়ই, সেগুন, মেহগনিসহ বিভিন্ন ধরনের ১২টি বিশাল গাছ উপড়ে এবং গাছের বড় বড় প্রায় ১০০ ডাল ভেঙে পড়ে। ওই রাতেই ভেঙে পড়া কিছু গাছ দুর্বৃত্তরা সরিয়ে ফেলে।
নাম প্রকাশ না করার শর্তে পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী দপ্তরের একাধিক ব্যক্তি জানান, পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী ওই রাতে পাকশীতে অবস্থান করছিলেন। তিনি দ্রুত গাছগুলো বিক্রি করে দেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশে শনিবার গাছগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দিনের বেলায় নিলামের আয়োজন না করে এ কার্যালয়ে শনিবার রাতে ‘স্পট কোটেশন’-এর মাধ্যমে এসব গাছ তিন লাখ ২৫ হাজার টাকায় আওয়ামী লীগ নেতাদের কাছে বিক্রি করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, এসব গাছের বর্তমান বাজারমূল্য ৫০ লাখ টাকার ওপরে। এলাকার অনেকে নিলামে অংশ নিতে চাইলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আনিসুর ও তাঁর সহযোগীরা তাঁদের বাধা দেন। প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।
পাকশীর কলেজের প্রবীণ শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ১৯১৪ সালে পাকশীতে হার্ডিঞ্জ সেতু স্থাপনের পর সেখানে রেলশহর গড়ে ওঠে। সেই সময় পাকশী শহরে প্রচুর গাছ লাগানো হয়। বর্তমানে এসব গাছের বয়স প্রায় ১০০ বছর। এসব গাছ বেশ দামি।
পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম বলেন, দলের প্রভাব খাটিয়ে পাকশীতে যাঁরা এসব ঘটনা ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। বিভাগীয় প্রকৌশলী-২ মনিরুল ইসলাম ফিরোজী জানান, তাঁর দপ্তরের মাধ্যমেই সহকারী প্রকৌশলী (এইএন) দপ্তর থেকে গাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। তবে কয়টি গাছ বিক্রি করা হয়েছে এ তালিকা তাঁর কাছে নেই।