৫০ লাখ টাকার তার চুরি নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) ইমারত ও নির্মাণ বিভাগের প্রকৌশল শাখার তৃতীয় তলার একটি কক্ষ থেকে প্রায় ৫০ লাখ টাকার তামার তার চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা বা জিডি না করে তদন্ত কমিটি করে কালক্ষেপণেরও অভিযোগ উঠেছে ব্রি-কর্তৃপক্ষের বিরুদ্ধে। চুরির ঘটনাটি ঘটেছে গত মার্চ মাসের প্রথম সপ্তাহে।
ইমারত ও নির্মাণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসান জানান, প্রতিষ্ঠানের মালামাল রাখার নির্ধারিত গুদাম থাকলেও তারসহ বিভিন্ন মালামাল সেখানে না রেখে (একই বিভাগের) সহকারী প্রকৌশলী আশরাফ আলী তাঁর হেফাজতে তৃতীয় তলার একটি কক্ষে মজুত রাখেন, যার কোনো অনুমোদন নেই। ওই কক্ষের চাবিও থাকে আশরাফ আলীর কাছে। তবে আশরাফ আলী বলেন, ‘৫ মার্চ রাতের কোনো এক সময় কে বা কারা ওই ভবনের িনচের তালা খুলে তৃতীয় তলার কক্ষের তালা ভেঙে তার চুরি করেছে, তা তাঁর জানা নেই। তবে ৬ মার্চ সকালে চুরির খবর শুনেছি।’ কী কী মাল কী পরিমাণ ছিল বা চুরি হয়েছে, ওই তথ্য জানতে চাইলে পরে জানানো হবে বলেন তিনি।
তদন্ত কমিটির কাছে লিখিত সাক্ষ্যে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার আগে ওই কক্ষে তিনটি তালা লাগানো হতো। কিন্তু ঘটনার রাতে ওই কক্ষে একটি তালা আটকানো ছিল। এ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এ প্রতিষ্ঠানে বিভিন্ন সময় প্রায় সাড়ে নয় হাজার ফুট তার ও প্রায় ৩৮ হাজার ফুট তামার তার সংযোজন ও পরিবর্তনের পর তাঁর গুদামে থাকার কথা। কিন্তু ওই সবের কোনো হদিস মিলছে না। এর দাম প্রায় অর্ধকোটি টাকা।
তদন্ত কমিটি গঠন, কারা ওই কমিটিতে আছেন-এসব ব্যাপারে মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি কোনো তথ্য না দিয়ে পরিচালক (প্রশাসন) মো. শাহজাহান কবিরের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
মো. শাহজাহান কবির জানান, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ-কালের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া যাবে। প্রতিবেদন পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির সদস্য সহকারী পরিচালক (প্রশাসন) মো. মহসীন জানান, বিষয়টি খুবই জটিল। ২৭ মার্চ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমার মেয়াদ ২৯ মে উত্তীর্ণ হলেও তা এখন পর্যন্ত শেষ করা সম্ভব হয়নি। ঘটনার পরদিন ৬ মার্চ নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পের কর্মরত পিসি মো. নাসির ওই কক্ষের তামার তার ও তার চুরি হয়েছে বলে মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন।