৫০ লাখ টাকার রাজস্ব হাতছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা দরপত্র বাক্স থেকে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দুটি হাটবাজারের দরপত্র চুরি হওয়ায় সরকার এ বছর প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। ওই দুটি হাটবাজারসহ উপজেলার ২৫টি হাটবাজার ইজারা দেওয়ার জন্য উপজেলা পরিষদ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল।
তথ্য অধিকার আইনের মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে এ বিষয়টি ধরা পড়েছে। প্রথম আলোর পক্ষ থেকে গত এপ্রিল মাসে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করা হয়। চাহিদামতো সব তথ্য গত মঙ্গলবার সরবরাহ করা হয়েছে।
সিঙ্গাইর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বাংলা সনের জন্য উপজেলার ২৫টি হাটবাজার ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। মোট ৭০টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছিল ৩৯টি। কিন্তু দরপত্র বাক্স থেকে দুটি দরপত্র উধাও হয়ে যায়। দরপত্র বাক্স রাখা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও জেলা প্রশাসকের কার্যালয়ে।
ব্যবসায়ী কে এম খালেদ বলেন, তিনি উপজেলার সিরাজপুর হাটবাজারের জন্য দরপত্র ক্রয় করেছিলেন। ৫৩ লাখ টাকা দর প্রস্তাব করে ১০ মার্চ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা বাক্সে তা জমা দেন। এ জন্য তিনি নিয়ম অনুযায়ী বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৬ লাখ টাকার পে-অর্ডারও জমা দিয়েছিলেন। অথচ বাক্স খুলে তাঁর দরপত্রটি পাওয়া যায়নি।
তথ্য অধিকার আইনে ইউএনওর কার্যালয় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সিরাজপুর হাটবাজার ইজারা দেওয়া হয়েছে ১৪ লাখ টাকায়। সিঙ্গাইরের আটিপাড়ার আবুল কালাম হাটটি পেয়েছেন। এই তথ্য অনুযায়ী, সরকার ৩৯ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
সিঙ্গাইর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলী হায়দার বলেন, তিনি উপজেলার বায়রা হাটবাজারের জন্য দরপত্র ক্রয় করে ৩৬ লাখ ৫০ হাজার টাকা দর দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা দরপত্র বাক্সে জমা দিয়েছিলেন। তিনিও নিয়ম অনুযায়ী দরপত্রের সঙ্গে ১০ লাখ টাকার পে-অর্ডার জমা দিয়েছিলেন। কিন্তু তাঁর দরপত্রটিও পাওয়া যায়নি।
ইউএনওর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বায়রা হাটবাজারটি ইজারা দেওয়া হয়েছে ৩১ লাখ টাকায়। এই হিসাব অনুযায়ী, সরকার ৫ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। হাটটি ইজারা দেওয়া হয়েছে উপজেলার চারাভাঙ্গা গ্রামের মফিজ খানকে।
কে এম খালেদ অভিযোগ করেন, দরপত্র চুরি হওয়ার পর প্রতিকার চেয়ে তাঁরা ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। তিনি বলেন, কম দরে হাটবাজার ইজারা নেওয়ার জন্য সরকারদলীয় প্রভাবশালী নেতারা দরপত্র বাক্স থেকে তাঁদের দরপত্র উধাও করে ফেলেন। আর স্থানীয় প্রশাসন সব জেনেও তাঁদের এ কাজে সহায়তা করে। আর এই অপতৎপরতার কারণে সরকার প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
যোগাযোগ করা হলে সিঙ্গাইরের ইউএনও শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘দরপত্র চুরি হওয়ার কোনো তথ্য আমাদের জানা নেই। পে-অর্ডার হারিয়ে যাওয়ার কারণে কেউ কেউ দরপত্র জমা দিতে পারেননি। এ কারণে জমা পড়া দরপত্র থেকে অধিক দরদাতাদের নামে ইজারা দেওয়া হয়েছে।’