৫০ লাখ টাকার সম্পত্তি পাঁচ লাখে বিক্রি!
সিলেটে রেলওয়ের ১৯টি কোয়ার্টার ভবন। সঙ্গে রেলওয়ের প্রকৌশল বিভাগের লোহা-লক্কড়ের নানা যন্ত্রপাতি ও পরিত্যক্ত কিছু স্থাপনা। প্রায় ৫০ লাখ টাকার এসব সম্পত্তি নিলাম ডেকে মাত্র পাঁচ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, কোয়ার্টারের কিছু অংশ মাটির নিচে দেবে গিয়েছিল। এগুলো অপসারণের স্বার্থে কিছুটা কম দামে বিক্রি করা হয়েছে। গত ৯ মার্চ এ নিলাম হয়।
অভিযোগ উঠেছে, রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের একটি চক্র পাঁচ লাখ টাকার বিনিময়ে এই কাজটি করেছে। নিলামে অংশ নেওয়া ১৪৬ জন ব্যবসায়ীর মধ্যে কোনো ধরনের হাঁকডাক ছাড়াই সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তকবির ইসলাম ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমদকে ক্রেতা হিসেবে মনোনীত করা হয়। দক্ষিণ সুরমায় সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে পড়েছে রেলওয়ের এই সম্পত্তি। সুরমা নদীর কাজিরবাজার সেতুর নির্মাণকাজ শেষে সংযোগ সড়ক তৈরির জন্য নতুন করে জমি অধিগ্রহণ করতে গিয়ে রেলওয়ের ১৯টি কোয়ার্টারও অধিগ্রহণ করা হয়। সংযোগ সড়কের নির্মাণকাজ শুরুর সঙ্গে সঙ্গে কোয়ার্টারসহ রেলওয়ের সম্পত্তি রেলওয়ের সংশ্লিষ্ট শাখার একটি চক্রের যোগসাজশে দ্রুত কিনতে তৎপর হন সাবেক ও বর্তমান দুই ওয়ার্ড কাউন্সিলর।
সিলেট রেলওয়ের প্রকৌশল দপ্তরে নিলাম ডাকের নথি থেকে জানা যায়, ৯ মার্চ দিনের বেলা নিলাম ডাক হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে ১৪৬ জন ব্যবসায়ী ধার্য করা ১ লাখ ৪০ হাজার টাকা করে জামানত দেন। কিন্তু নিলাম ডাক হয় ওই দিন রাতে রেলস্টেশনের তৃতীয় তলার একটি কক্ষে। যৌথভাবে নিলামের ডাক পান ওয়ার্ড কাউন্সিলর তকবির ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর সেলিম।
নিলাম ডাকে অংশ নেওয়া একাধিক ব্যবসায়ী জানান, নিলাম ডাক সমন্বয় করে রেলওয়ে সিলেটের সহকারী নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান ও জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী (পূর্ত) আকবর আলীসহ সাত সদস্যের একটি দল। নিলামে পুরো সম্পত্তি ৫ লাখ ৪০ হাজার টাকা সর্বোচ্চ দর দেখিয়ে বিক্রির সিদ্ধান্ত হয়; অথচ এসব সম্পত্তির বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
মুজিবুর রহমান বলেন, ‘কোয়ার্টারসহ স্থাপনাগুলো মূলত অপসারণের স্বার্থে কম দামে বিক্রি করা হয়েছে।’ তিনি আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন।
আকবর আলী বলেন, ‘জমি অধিগ্রহণের পর সেতুর কাজ দ্রুত শেষ করতে আমাদের ওপর চাপ ছিল। হয়তো সময় নিলে আরও কিছু দাম পাওয়া যেত।’ তকবির দাবি করেন, কোনো ধরনের প্রভাব দেখিয়ে কিছু হয়নি, যা হয়েছে রেলওয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী হয়েছে। এত টাকার সম্পত্তি কম টাকায় কেনা প্রসঙ্গে তিনি বলেন, ১৯টি কোয়ার্টারের মধ্যে সেতুর সংযোগ সড়কের নিচে চারটি কক্ষ চলে গেছে। এগুলো বের করাও আরেক ব্যয়সাপেক্ষ কাজ। এক প্রশ্নের জবাবে তকবির বলেন, ‘এখানে ব্যবসা নয়, কাজিরবাজার সেতুর কাজ দ্রুত শেষ করার স্বার্থে সাবেক কাউন্সিলরকে নিয়ে এ কাজ নিয়েছি।’