৫০ লাখ মার্কিন ডলার সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশে কিশোরীদের শিক্ষা ও ক্ষমতায়নে ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা করার ঘোষণা করেছে ব্র্যাক ইউএসএ এবং আমেরিকাভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান নোভো ফাউন্ডেশন। এই পাঁচসালা কার্যক্রমের সূচনা হবে দক্ষিণ সুদান এবং আফগানিস্তানে। গত সোমবার নিউইয়র্কে এই ঘোষণা দেওয়া হয়। ২০১৩-২০১৮ সাল মেয়াদি এই অংশীদারি কার্যক্রম ব্র্যাকের বিদ্যমান শিক্ষা ও ক্ষমতায়ন কর্মসূচির বিস্তারে বিশেষ ভূমিকা রাখবে।
জাতিসংঘের ২০১১ সালের এক প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ সুদানের প্রাথমিক শিক্ষা সমাপ্তির হারের চেয়ে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার বেশি। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, সেখানকার ৬ থেকে ১৭ বছরের ৭০ শতাংশ শিশু কখনো বিদ্যালয়েই যায়নি।
নোভো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কো-চেয়ারপারসন জেনিফার বাফেট বলেন, উন্নয়নের ক্ষেত্রে একেবারে প্রান্তিক অবস্থানে রয়েছে মেয়েরা।
ব্র্যাক ইউএসএর প্রেসিডেন্ট এবং সিইও সুসান ডেভিস বলেন, ‘ব্র্যাকের জন্মস্থান বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আমরা জানি যেখানে মেয়েরা নিজেদের জীবনধারা পরিবর্তনের এজেন্ট হয়, সেখানেই তারা সমাজ ও জাতির টেকসই পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করে।’ বিজ্ঞপ্তি।