৫০ লাখ মিটার কারেন্ট জাল ও সুতা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল তৈরির দায়ে ইয়াকুব ফিশিং নেট নামের একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানা থেকে ৫০ লাখ মিটার কারেন্ট জাল ও সুতাও জব্দ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম আবদুল্লাহ আল মামুন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিনোদপুরে অবস্থিত ইয়াকুব ফিশিং নেটে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতা পাওয়া যায়। এ কারণে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে কারখানার মালিক নাসির হোসেনকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তিনি আগেই পালিয়েছেন বলে জানা গেছে।