চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম। তিনি স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে পেয়েছেন যথাক্রমে জিপিএ ৩.৩৬ ও ৩.৩৩। যা প্রথম শ্রেণী সমমানের নম্বর। এ শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিভাগের প্রভাষক পদে আবেদন করলেও এমফিল কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারছেন না তিনি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করেছে। যা হলো স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে যথাক্রমে জিপিএ ৩ দশমিক ৫০ (৭০ থেকে ৭৪ শতাংশ নম্বর) ও ৩ দশমিক ২৫ (৬৫ থেকে ৬৯ শতাংশ)। গত শিক্ষাবর্ষে (২০১১-১২) উভয় শ্রেণীতে তা ছিল জিপিএ ৩ (৬০ থেকে ৬৪ শতাংশ নম্বর)।
এদিকে সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। এ পদ্ধতিতে উভয় শ্রেণীতে এবারও ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে গতবারের মতো ৫০ শতাংশ নম্বর (যা দ্বিতীয় শ্রেণীর সমমান)।
এ পরিবর্তনের ফলে বিপাকে পড়েছেন তৌহিদুলের মতো অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, এতে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা সম্প্রসারিত না হয়ে সংকুচিত হবে। শিক্ষার্থীরা বলেন, সনাতন পদ্ধতিতে ৫০ শতাংশ নম্বর পাওয়া শিক্ষার্থীদের পিএইচডি ও এমফিল কোর্সের ভর্তির জন্য বিবেচনা করা হচ্ছে। কিন্তু অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে ৬৫-৬৯ শতাংশ নম্বর পাওয়া শিক্ষার্থীরা আবেদনই করতে পারছেন না।
এদিকে বাংলা বিভাগের দুটি অস্থায়ী প্রভাষক পদে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম যোগ্যতা ধরা হয়েছে সিজিপিএ ৩ দশমিক ৩০। আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে যেকোনো একটিতে ৫৫ শতাংশ ও অপরটিতে ৫০ শতাংশ নম্বর।
বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, একই শিক্ষাগত যোগ্যতা দিয়ে শিক্ষক হওয়ার সুযোগ থাকলেও গবেষক হওয়া যাবে না। এ অসামঞ্জস্যতা দূর করার প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় ডিনস কমিটি যেহেতু অনেক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে, তাই বোধ হয় এটি বদলানো সম্ভব নয়। তবুও বিষয়টি আলোচনায় থাকলে আগামীবার এটা পরিবর্তন করা যেতে পারে।’