তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যেসব সংবাদপত্র সাংবাদিক-কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা এখনো দেয়নি, তাদের তালিকা তৈরি হচ্ছে। গতকাল রোববার জাতীয় সংসদে সাধনা হালদারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।বিকেল পৌনে পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। আসমা জেরীন ঝুমুর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার সাংবিধানিক নির্দেশনা ও নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহের অবাধ চলাচল সুনিশ্চিত করেছে। এ কারণে সাংবাদিকেরা এবং টেলিভিশন চ্যানেলসহ সব গণমাধ্যম বর্তমানে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। হাসানুল হক বলেন, সরকার বেসরকারি কোনো গণমাধ্যমের সম্প্রচারে হস্তক্ষেপ করে না। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাবে তা কেউ প্রত্যাশা করে না। সব মহলই সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা আশা করে।