৫০ শয্যার অবকাঠামো পড়ে আছে, মিলছে না অনুমোদন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের প্রয়োজনীয় অবকাঠামোর সব কাজ আট মাস আগে শেষ হয়েছে। কিন্তু আজও মেলেনি প্রশাসনিক অনুমোদন। তাই চালু করা যাচ্ছে না ৫০ শয্যার কার্যক্রম।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য ২০০৭-০৮ অর্থবছরে চার কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকার প্রকল্প নেওয়া হয়। প্রায় আট মাস আগে নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়। নতুন দোতলা ভবনে রয়েছে ১৯ শয্যার একটি ওয়ার্ড, তিনটি অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। এ ছাড়া চিকিৎসকদের জন্য ১২টি আবাসিক কোয়ার্টার, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য পৃথক আবাসিক কোয়ার্টারও তৈরি করা হয়েছে। কিন্তু প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় আজ পর্যন্ত ৫০ শয্যার কার্যক্রম চালু করা যায়নি। পড়ে আছে ভবন।এদিকে বর্তমানে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সও চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। এখানে চিকিৎসক-সংকট ছাড়াও রয়েছে যন্ত্রপাতি ও আসবাবপত্রের সংকট। ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নয়টি পদের স্থলে আছেন চারজন। এ ছাড়া চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী নেই। ভাঙাচোরা শয্যা, নেই জেনারেটরের ব্যবস্থা, পানির পাম্প বিকল থাকায় রয়েছে খাওয়ার পানির সংকট। এ অবস্থায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুফিয়া শিরিন বলেন, চিকিৎসক-সংকট ও জনবলের অভাবে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।সিভিল সার্জন মো. মাঈন উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, জনবল ও আসবাবপত্রের সংকট নিরসনসহ বর্ধিত নতুন ভবনটি চালুর বিষয়ে খুব শিগগির প্রশাসনিক অনুমোদন পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন।