৫০ শয্যার কার্যক্রম শুরু হয়নি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ভবন নির্মাণ করা হলেও নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় কার্যক্রম শুরু হয়নি। ৩১ শয্যার কাঠামোয় এখনো চলছে চিকিৎসা কার্যক্রম। এতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে ভোগান্তিতে পড়ছেন উপজেলার মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করতে ৭ কোটি ১৭ লাখ ৩৪১ টাকা ব্যয়ে নতুন তিনতলা ভবন ও কোয়ার্টার নির্মাণ করা হয়। গত বছরের নভেম্বর মাসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবনগুলো হস্তান্তর করা হয়। প্রায় ১০ বছর আগে এই ভবন নির্মাণ শুরু হয়। কিন্তু মাঝে প্রায় আট বছর কাজ বন্ধ ছিল।
নতুন ভবনে নিচতলায় রয়েছে চিকিৎসকদের জন্য আটটি কক্ষ, ইপিআই ও ফার্মেসি কক্ষ। দ্বিতীয় তলায় তিনটি অস্ত্রোপচার কক্ষ, একটি পোস্ট অপারেটিভ কক্ষ ও দুটি নরমাল ডেলিভারি কক্ষ। তিনতলায় রয়েছে রোগীদের জন্য ১৪ শয্যার একটি ওয়ার্ড, পাঁচটি কেবিন, একটি মিলনায়তন ও একটি মেডিসিন স্টোর। এর সঙ্গে তৈরি হয়েছে একটি চিকিৎসক কোয়ার্টার ভবন, একটি তৃতীয় শ্রেণির ও একটি চতুর্থ শ্রেণির কোয়ার্টার ভবন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ ফজল এলাহী জানান, ৩১ শয্যা হাসপাতালে চিকিৎসকের পদ মাত্র নয়টি। কিন্তু কর্মরত আছেন মাত্র চারজন। আর ৫০ শয্যা বাস্তবায়ন হলে চিকিৎসকের পদ হবে ২১টি। নতুন ভবনে অপারেশন থিয়েটারের উপকরণ এবং ১৯টি শয্যার প্রয়োজনীয় আসবাবসহ অন্যান্য উপকরণ এখনো পাওয়া যায়নি। সেই সঙ্গে প্রশাসনিক অনুমোদন না হওয়ায় ১২ জন চিকিৎসকের পদসহ অন্যান্য উপকরণের অভাবে এই কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না।
কয়েকজন চিকিৎসক জানান, হাসপাতালে ৩১ জনের চেয়ে অনেক বেশি রোগী ভর্তি থাকেন। তাঁরা নিচে বিছানা করে থাকেন। ৩১ শয্যার জন্য যে খাবার বরাদ্দ, তা দিয়ে তাই অতিরিক্ত রোগীদেরও খাওয়ানো হয়। এ ছাড়া বহির্বিভাগেই প্রতিদিন প্রায় ৫০০ রোগী আসে।
গত সোমবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, চিকিৎসাসেবা নিতে এসে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। অপেক্ষা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
সকাল নয়টায় এসেছেন লক্ষ্মীপাশার গোপীনাথপুরের চায়না বেগম (৪০)। তিনি বলেন, ‘প্রায় সাড়ে তিন ঘণ্টা আগে টিকিট কেটে বসে আছি। ভিড়ের কারণে এখনো অপেক্ষা করতে হচ্ছে।’
মল্লিকপুর গ্রামের সাহেরা বেগম তাঁর অসুস্থ ছেলে সাকিবকে (৯) নিয়ে বসে আছেন। ছেলেকে তিনি মেঝেতে শুইয়ে দিয়েছেন। দুই ঘণ্টা অপেক্ষা করেও ডাক্তার দেখাতে সিরিয়াল পাননি। এভাবে দিঘলিয়ার রহিমা বেগম, পারমল্লিকপুরের সাবানা, ঈশানগাতীর সাজেদাসহ
প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা নিতে বসে ছিলেন।
বহির্বিভাগের চিকিৎসক নাজমুন নাহার বলেন, ‘বহির্বিভাগে আমরা মাত্র দুজন চিকিৎসক রোগী দেখছি। এক মুহূর্তের জন্য উঠতে পারছি না। এই অবস্থায় নিজেরা অসুস্থ হলেও ছুটি নিতে পারি না। এভাবে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব না।’
নড়াইলের সিভিল সার্জন সুব্রত কুমার সাহা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে ৫০ শয্যা অনুমোদনের জন্য লিখিতভাবে জানানো হয়েছে।