>২৫০ শয্যায় উন্নীত হলেও বর্তমানে অনুমোদন আছে ১০০ শয্যার
মানিকগঞ্জ জেলা হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয়েছে গত বছর। তবে এখনো ৫০ শয্যার চিকিৎসক দিয়েই চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে জেলা সদরের ভুল জয়রা মৌজায় ৫০ শয্যার মানিকগঞ্জ সদর হাসপাতাল স্থাপিত হয়। ১৯৯৭ সালে এটি ১০০ শয্যায় উন্নীত হয়। গত বছরের ২৭ মার্চ হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক নতুন ভবনের উদ্বোধন করেন। তবে ৫০ শয্যার চিকিৎসক দিয়েই চলছে হাসপাতালটির কার্যক্রম। ২৫০ শয্যায় উন্নীত হলেও বর্তমানে এটির অনুমোদন আছে ১০০ শয্যার।
১০০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী, হাসপাতালটিতে তত্ত্বাবধায়কসহ ৪২ জন চিকিৎসকের পদের বিপরীতে আছেন মাত্র ১৫ জন। সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদ থাকলেও সার্জারি, শিশু, মেডিসিন, ইএনটি, গাইনিসহ বিভিন্ন বিভাগে চিকিৎসকের সাতটি পদই শূন্য। জুনিয়র কনসালট্যান্টের ১১টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র তিনজন। দুজন অবেদনবিদের পদ থাকলেও কেউ কর্মরত নেই। ফলে বাইরে থেকে অবেদনবিদ এনে কোনোরকমে কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া চিকিৎসা কর্মকর্তার ১৪টি পদ থাকলেও আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ আছেন মাত্র চারজন। নতুন তিনজনকে নিয়োগ দেওয়া হলেও তাঁরা এখনো যোগদান করেননি। বর্তমানে ১২৫ জন নার্স আছেন।
সূত্র জানায়, হাসপাতালটিতে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু আছে। বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন গড়ে এক হাজার রোগী স্বাস্থ্যসেবা ও পরামর্শ নিতে আসে। গত সোমবার অন্তর্বিভাগে ৩২৪ জন রোগী ভর্তি ছিল।
গত সোম ও গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডের বারান্দার মেঝেতেও রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বহির্বিভাগের শিশু ওয়ার্ডের সামনে অভিভাবকদের দীর্ঘ সারি দেখা যায়। এ সময় দৌলতপুরের রাবেয়া আক্তার, সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের আয়েশা আক্তার, জয়রা গ্রামের ছাবিয়া আক্তারসহ আরও কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা হয়।
পেটের পীড়ার সমস্যা নিয়ে দেড় বছরের শিশুকে নিয়ে বিশেষজ্ঞ শিশু চিকিৎসকের কাছে যান রাবেয়া আক্তার। তিনি বলেন, সকাল সাড়ে নয়টায় শিশুকে নিয়ে চিকিৎসকের কক্ষের বাইরে সারিতে দাঁড়ান তিনি। বেলা একটার দিকেও তিনি চিকিৎসকের নাগাল পাননি।
তবে দীর্ঘ অপেক্ষার পরও অসুস্থ শিশুকে চিকিৎসক দেখাতে পারেননি ছাবিয়া আক্তার। ওই দিন বিকেলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিশু ম্যায়ারে ডাক্তার দেখাইতে না পেরে বিকেলে একটি ক্লিনিকের ডাক্তার দেখাইছি।’
সমস্যা শুধু বহির্বিভাগেই নয়, ভর্তি রোগীরাও পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। সদর উপজেলার দিঘী গ্রামের ফালান মিয়া জানান, রোববার রাতে তাঁর স্ত্রী মাথা ঘুরে মাটিতে পড়ে যান। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একজন নার্স স্যালাইন দেন। দুই দিনে মাত্র একবার চিকিৎসকের দেখা মিলেছে।
গতকাল দুপুরে অন্তর্বিভাগে পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যে রোকেয়া বেগম (৫৫), রেহেনা বেগম (৪০), আওলাদ হোসেন (৫৫), তালেব মিয়াসহ (৬৫) আরও কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা জানালেন, সকালে একজন চিকিৎসক এসে তাড়াহুড়ো করে তাঁদের দেখে যান। বিকেলেও একই অবস্থা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, হাসপাতালটি ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক আছে ৫০ শয্যারই। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালটির কর্মরত চিকিৎসকের পাশাপাশি প্রেষণে আসা চিকিৎসকদের দিয়ে সেবা দিতে হচ্ছে।
সিভিল সার্জন মো. খুরশীদ আলম বলেন, সমস্যা সমাধানে বেশ কয়েকজনকে চিকিৎসা কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে ১০০ ও ২৫০ শয্যার জনবল নিয়োগ হবে। তবে হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তত্ত্বাবধায়কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুর রহমান বলেন, প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক নিয়োগের বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে অবহিত করলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন। গতকাল বিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।