৫০ শয্যার জনবলই নেই, সেখানে ২৫০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৫০ শয্যার জনবলই নেই। নেই আরও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা। তা দিয়েই বছরের পর বছর ধরে চলছে ১০০ শয্যার হাসপাতাল। এ অবস্থায় গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী ঘোষণা করলেন হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। এ ঘোষণার পরও আগের ৫০ শয্যার জনবলই নিশ্চিত হয়নি। ঘোষণা দিতে পয়সা লাগে না। কিন্তু বাস্তবায়ন করাটাই কঠিন।’হাসপাতাল কেমন চলছে? এ প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা এসব কথা বলেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয় ২০০৪ সালে। ৫০ শয্যা থেকে ১০০ শয্যার জন্য নির্ধারিত জনবলের ঘাটতি ছিল গোড়া থেকেই। এই ৫০ শয্যার ঘাটতি জনবল নিয়েই বছরের পর বছর চালানো হয়েছে ১০০ শয্যার হাসপাতাল। ১০০ শয্যার হাসপাতালের জন্য নির্ধারিত জনবল নিশ্চিত না করেই গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে জেলা আওয়ামী লীগের জনসভায় ঘোষণা করেন হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে।এই ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভেবেছিল হাসপাতালটি ভালোভাবে চালানোর জন্য অন্তত ১০০ শয্যার জনবল নিশ্চিত করা হবে। কিন্তু সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও সেই আগের ৫০ শয্যার জনবলই পূরণ হয়নি। বছরের পর বছর ধরেই শূন্য রয়েছে হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পদ। দন্ত বিভাগে ১৯৯৫ সাল থেকে কাগজে-কলমে চিকিৎসক থাকলেও প্রেষণে অন্যত্র থাকায় এ পদে কোনো চিকিৎসকও আনা যাচ্ছে না। ১০০ শয্যার নির্ধারিত জনবল ১০৮ জনের জায়গায় আছে মাত্র ৬৮ জন। এর মধ্যে ৪২ জন চিকিৎসকের পদের বিপরীতে আছে মাত্র ১৪ জন। অথচ ৫০ শয্যার জন্যই চিকিৎসকের পদ রয়েছে ২১টি।সূত্র জানায়, ১০০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়কের পদটি শূন্য রয়েছে গোড়া থেকেই। জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদের আটটিই শূন্য রয়েছে দীর্ঘদিন। কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের পদ ১১টি। কিন্তু রয়েছেন মাত্র তিনজন। সহকারী সার্জন বা সমমানের পদ ১৭টি। আছেন মাত্র ছয়জন। সেবা তত্ত্বাবধায়ক, প্রশাসনিক কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তার পদ শূন্য গোড়া থেকেই। নার্সিং সুপারভাইজার দুজনের জায়গায় আছেন একজন। হিসাবরক্ষক, কোষাধ্যক্ষ, ভান্ডাররক্ষকসহ অনেক পদ শূন্য।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালের চিকিৎসকের অভাব তো আছেই। কিন্তু চিকিৎসক ছাড়া অন্যান্য শূন্যপদের জন্যও হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় না। চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, হাসপাতালে থাকা ওষুধ ব্যবস্থাপত্রে না লিখে চিকিৎসকেরা ভিন্ন কোম্পানির দামি ওষুধ ব্যবহারের কথা লেখেন। এ প্রসঙ্গে আবাসিক চিকিৎসা কর্মকর্তা বলেন, এ প্রবণতা আগে থাকলেও বতর্মানে নেই।সিভিল সার্জন মুক্তারা বেগম বলেন, চিকিৎসক-সংকটই হাসপাতালের প্রধান সমস্যা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর রোগীর সংখ্যা বেড়েছে। ওয়ার্ডের মেঝে এমনকি রান্নাঘরের করিডরও রোগীতে পূর্ণ থাকে। ১০০ শয্যার স্থলে প্রায়ই দ্বিগুণ রোগীর চিকিৎসাসেবা দিতে হয়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব বিষয় জানানো হয়েছে।