৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যার চিকিৎসকও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি প্রসূতিসেবায় রংপুর বিভাগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুবার প্রথম স্থান অর্জন করেছে। অথচ এ হাসপাতালেই চিকিৎসক-সংকটে সেবা ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এ হাসপাতালে ৩১ শয্যার জনবলকাঠামো অনুযায়ী চিকিৎসকও নেই। নয়জনের জায়গায় মাত্র তিনজন চিকিৎসক সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মাইজুল হক জানান, ২০১০ সালের ১৪ অক্টোবর এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এক বছর ১০ মাস পরও ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী চিকিৎসকসহ অন্যান্য পদে লোকবল নিয়োগ করা হয়নি। এখানে ৩১ শয্যার জনবলকাঠামো অনুযায়ী নয়জন চিকিৎসক থাকার কথা। কিন্তু বর্তমানে চারজন কর্মরত আছেন। তাঁরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ, গাইনি বিশেষজ্ঞ নজরুল ইসলাম, দন্ত চিকিৎসক তপন কুমার ও চিকিৎসা কর্মকর্তা কামাল আহমেদ। চিকিৎসা কর্মকর্তা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও সার্জারি, মেডিসিন ও অবেদনবিদের জুনিয়র কনসালটেন্টের পদ শূন্য রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বহির্বিভাগে প্রতিদিন ১৫০ থেকে ২০০ রোগী চিকিৎসার জন্য আসে। এ ছাড়া অন্তবিভাগে ৪৫ থেকে ৫০ জন রোগী ভর্তি থাকে।

গত বৃহস্পতিবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে ৫০ থেকে ৬০ জন রোগী চিকিৎসকের জন্য অপেক্ষা করছে। পাঁচটি কক্ষের মধ্যে একটিতে দন্ত চিকিৎসক ছাড়া আর কোনো কক্ষে চিকিৎসক নেই। কিছুক্ষণ পর কামাল আহমেদ তাঁর কক্ষে এসে রোগী দেখা শুরু করেন। তাঁর কক্ষের সামনে ছিল রোগীদের দীর্ঘ সারি।

কামাল আহমেদ বলেন, ‘ইনডোর ও জরুরি বিভাগ আমি একা কীভাবে চালাব। কত দিন যে এভাবে চালাতে হবে, তার কোনো নিশ্চয়তা নেই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ জানান, হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন মাত্র তিনজন চিকিৎসক। চিকিৎসক-সংকটের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার বলেন, ‘জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় চিকিৎসক-সংকটের কারণে মহাবিপদে আছি। তাই জরুরি ভিত্তিতে চিকিৎসক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি।’