৫০ শয্যার হাসপাতাল হলেও নেই ৩১ শয্যার লোকবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে চার বছর আগে। তবে এখনো সেটি তালাবদ্ধ। নানা সরঞ্জামও আনা হয়েছে। কিন্তু জনবলের অভাবে এখনো ৫০ শয্যার কার্যক্রম শুরুই করা যায়নি। ৩১ শয্যার জন্য যে লোকবল প্রয়োজন, তা-ও সেখানে নেই।

এ অবস্থা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। হাসপাতালের একমাত্র এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে আছে চার বছর ধরে। দুটির মধ্যে একটি অ্যাম্বুলেন্স চালকের অভাবে পড়ে আছে।

কয়েকজন রোগী বলেন, এত সব সমস্যার কারণে হাসপাতালটিতে এসে তেমন সেবা পাওয়া যায় না। দূর-দূরান্ত থেকে এসে ভোগান্তিতে পড়তে হয়।

মহালক্ষ্মীপাড়া গ্রাম থেকে আসা অন্তঃসত্ত্বা হাসিনা বেগম বলেন, তিনি গাইনি চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁকে না পেয়ে বাধ্য হয়ে জেলা সদর হাসপাতালে যেতে হচ্ছে।

হাসপাতালে ভর্তি রোগী খোদেজা বেগম বলেন, এটা কেমন হাসপাতাল এক্স-রে মেশিন নষ্ট, জেনারেটরও অচল। এক্স-রে করতে হয়েছে বাইরে থেকে।

গত শনিবার দুপুরে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। এ
সময় তিনি রোগীদের সঠিকভাবে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের পরামর্শ দেন। তিনি বলেন, হাসপাতালটির সমস্যা নিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ৫ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উদ্বোধন করেন। নতুন ভবনে একটি আধুনিক অস্ত্রোপচার কক্ষসহ প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। ৩১ শয্যার জনবলকাঠামো অনুযায়ী যে জনবল দরকার, এখানে তা-ও নেই। এখানে গাইনি, সার্জারি, মেডিসিন ও অ্যানেসথেসিয়া বিভাগে চারজন বিশেষজ্ঞসহ মোট নয়জন চিকিৎসক থাকার কথা। আছেন পাঁচজন। বিশেষজ্ঞদের মধ্যে শুধু গাইনি বিশেষজ্ঞ আছেন। বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। আর ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী এখানে ৯ জন বিশেষজ্ঞসহ ২১ জন চিকিৎসক থাকার কথা।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গাইনি বিশেষজ্ঞ তাছলিমা বেগম কুমিল্লা শহরে থাকেন। সেখানে তিনি বেসরকারি হাসপাতালে রোগী দেখেন। কিন্তু এখানে শুধু রবি ও বুধবার আসেন। ২০১৩ সালে এখানে এক্স-রে টেকনিশিয়ান যোগ দিয়েছেন। কিন্তু যন্ত্রটি বিকল থাকায় তাঁর কোনো কাজ নেই।

গাইনি বিশেষজ্ঞ তাছলিমা বেগম বলেন, কুমিল্লায় বসবাস করলেও তিনি নিয়মিত হাসপাতালটিতে যান।

এক্স-রে টেকনিশিয়ান মো. ইউনুছ খান বলেন, তিনি যোগ দেওয়ার পর থেকেই যন্ত্রটি বিকল রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। গত ৩ মে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে যন্ত্রটি পুরোপুরি বিকল ঘোষণা করে।

শনিবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির পুরাতন ভবনে দুজন স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসা দিচ্ছেন। কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। নতুন ভবনটি তালাবদ্ধ। এটির কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনটিতে বিদ্যুৎ ও পানি নেই। বিভিন্ন কক্ষে আসবাবের ওপর ধুলা পড়ে আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, লোকবল অনুমোদন না হওয়ায় এখনো ৫০ শয্যার কার্যক্রম চালু করা যায়নি। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে জানানো হয়েছে।