৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারকক্ষ বন্ধ রয়েছে পাঁচ বছরের বেশি সময় ধরে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তোলা ছ​িব l প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারকক্ষ বন্ধ রয়েছে পাঁচ বছরের বেশি সময় ধরে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তোলা ছ​িব l প্রথম আলো

৫০ শয্যার হাসপাতালে চিকিৎসকের পদ ২৫টি। কর্মরত আছেন মাত্র পাঁচজন। ডেন্টাল সার্জন থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম না থাকায় তিনি সেবা দিতে পারছেন না। জুনিয়র শিশু বিশেষজ্ঞ ও হোমিওপ্যাথিক চিকিৎসক কর্মকর্তা আছেন একজন করে। সংশ্লিষ্ট রোগী না থাকায় তাঁরা অনেকটাই অলস সময় কাটান। কার্যত হাসপাতালের অন্তর্বিভাগ-বহির্বিভাগে সেবা দিচ্ছেন মাত্র দুজন চিকিৎসক। এই চিত্র গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যা থেকে ৫০-এ উন্নীত হয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয় ২০১৩ সালের ১ মে। বিশেষজ্ঞসহ চিকিৎসা কর্মকর্তার ২৫টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন পাঁচজন। চিকিৎসা কর্মকর্তা হিসেবে রয়েছেন জুনিয়র শিশু বিশেষজ্ঞ নাজনীন সরকার, হোমিওপ্যাথিক চিকিৎসক সাবিনা ইয়াসমিন ও ডেন্টাল সার্জন সুজিত সিনহা। আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্বে রয়েছেন সাহিদা পারভীন ও সুমনুল হক। গত বৃহস্পতিবার এ হাসপাতালে যোগদানের পর ওই দিনই সুমনুল হক বিনোদন ছুটিতে চলে যান। আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসকের সংকট প্রকট আকার ধারণ করেছে। সর্বশেষ ৫ ডিসেম্বর বদলি হয়েছেন অন্তর্বিভাগের চিকিৎসা কর্মকর্তা কাজী শফিউল আজম। জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন, সার্জারি, অবেদনবিদ, চক্ষু ও অর্থোপেডিক সার্জারির পদ দীর্ঘদিন ধরে শূন্য। গত ২৮ আগস্ট আবাসিক চিকিৎসা কর্মকর্তা পদোন্নতি পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে যান আশিষ কুমার বড়াল এবং প্যাথলজিস্ট রাজীব দে সরকার অন্যত্র বদলি হন। ৪ জুলাই থেকে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা এবং গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে অবেদনবিদের পদ শূন্য রয়েছে। চিকিৎসক ইউনুস আলী মোল্যা জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌনরোগ) হিসেবে গত বছরের ২৯ জুলাই রাজবাড়ী সদর হাসপাতালে যোগদান করেন। চলতি বছরের ৬ এপ্রিল শুভংকর দাস হাসপাতালে যোগদান করে ওই দিন রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে ও জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ফারজানা ইসলাম গত বছরের ২৩ জুন কমলাপুর জেনারেল হাসপাতালে প্রেষণে যান। চিকিৎসক না থাকায় ২০১১ সালের সেপ্টেম্বর থেকে অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
গতকাল বুধবার দেখা যায় জরুরি ও বহির্বিভাগের সামনে রোগীদের ভিড়। জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন উপসহকারী কমিউনিটি চিকিৎসক ইকলাছ উদ্দিন। তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ জন রোগী এসেছে। এর মধ্যে ছয়জনকেই ভর্তি করা হয়েছে। চিকিৎসক না থাকায় এখন রোগীরা চিকিৎসা নিতে পারছেন না।
বহির্বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর থেকে আসা রহমান মণ্ডল (৭৫) বলেন, ‘চুলকানি ও শ্বাসকষ্টের সমস্যা আছে। বেলা সাড়ে ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু ডাক্তার দেখাতে পারিনি।’
৫ নম্বর কক্ষে রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি চিকিৎসক আশরাফুজ্জামান। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৮ জন রোগীর সেবা দিয়েছি। দুজনকে ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।’
পাশের কক্ষে রোগী দেখছিলেন চিকিৎসা কর্মকর্তা সাহিদা পারভীন। সকালে ভর্তি রোগী দেখা, চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া, জরুরি রোগীকে অন্যত্র পাঠানো ও শেষে বহির্বিভাগের রোগী দেখা—সবকিছু একাই করছেন। রোগীর চাপে কথা বলার সময় নেই বলে জানান তিনি।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় হাসপাতালটির গুরুত্ব অনেক। কিন্তু চিকিৎসকের সংকটে এটি বেহাল হয়ে আছে। হাসপাতালের পরিচালনা পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি। স্থানীয় সাংসদ ও সিভিল সার্জনকেও বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ মো. আবদুল হান্নান বলেন, ইতিমধ্যে একজন চিকিৎসক যোগদান করে বিনোদন ছুটিতে গেছেন। আরও চারজন চিকিৎসকের আসার কথা রয়েছে।
সিভিল সার্জন রহিম বক্স বলেন, ‘স্বাস্থ্য বিভাগের পরিচালকের সঙ্গে যোগাযোগ হয়েছে। শিগগিরই একজন চিকিৎসক যোগ দেবেন। আরও চিকিৎসক নিয়োগের ব্যাপারেও চেষ্টা চলছে।