রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংকট প্রকট আকার ধারণ করেছে। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে বর্তমানে কর্মরত মাত্র পাঁচজন চিকিৎসক। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও জনবলের অভাবে অস্ত্রোপচারও হচ্ছে না পাঁচ বছর ধরে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য ভবন নির্মাণ ও প্রশাসনিক অনুমোদন হয় ২০০৭ সালের ডিসেম্বরে। ৩ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২০০৮ সালের জুনে কাজ শুরু হয়ে ভবন নির্মাণ শেষ হয় ২০১১ সালের সেপ্টেম্বরে। ২০১৩ সালের ১ মে থেকে ৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এখানে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। কিন্তু বর্তমানে কর্মরত আছে মাত্র পাঁচজন। চিকিৎসা কর্মকর্তা হিসেবে রয়েছেন কাজী শফিউল আজম শুভ ও শাহিদা পারভীন, জুনিয়র কনসালট্যান্ট হিসেবে আছেন শারমীন আলম সৌরী। এ ছাড়া আছেন ডেন্টাল সার্জন সুজিত সিনহা ও কার্ডিওলজিস্ট রফিকুল ইসলাম।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে গত আগস্ট থেকে চিকিৎসক-সংকট প্রকট আকার ধারণ করেছে। ওই সময় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আজিজুর রহমান খানসহ তিনজন বদলি হয়ে অন্যত্র চলে যান। আর জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), সার্জারি, অ্যানেসথেসিয়া, চক্ষু, অর্থো-সার্জারিসহ অন্যান্য পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে।
এদিকে এই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ২০১১ সালের ২৪ মার্চ যোগদান করেন শহিদুল ইসলাম। এরপর থেকে তিনি অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার শুরু করেন। কিন্তু একই বছরের ২২ সেপ্টেম্বর অন্যত্র বদলি হয়ে যান তিনি। এরপর থেকেই হাসপাতালে অস্ত্রোপচার করা বন্ধ।
এ বিভাগের একজন জ্যেষ্ঠ নার্স বলেন, লোকবলের অভাবে কোনো অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার হচ্ছে না। এ ধরনের রোগী হাসপাতালে এলে তাঁদের ফেরত পাঠানো হয়।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভিড়। কক্ষসহ বারান্দায় বেশ কিছু রোগী। উপজেলার পাচুরিয়া থেকে এসেছিলেন অন্তঃসত্ত্বা রেশমা। হাসপাতালে অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় দ্রুত তাঁকে ফরিদপুরে স্থানান্তর করা হয়। এ সময় কক্ষে বসে রোগী দেখছিলেন চিকিৎসকেরা। চিকিৎসা কর্মকর্তা শফিউল আজম বলেন, ‘একদিকে বহির্বিভাগের রোগী, অন্যদিকে জরুরি বিভাগের ফোন। ভর্তি রোগী তো আছেই। চিকিৎসক-সংকটে উপযুক্ত স্বাস্থ্যসেবা দেওয়া আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।’
এদিকে গত ২০ আগস্ট হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আবদুল হান্নান নিয়মিত আসেন না। তিনি পাঁচ দিন হাসপাতালে এসে মাত্র একদিন তাঁকে উপস্থিত পেয়েছেন। এ সময় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী স্বাস্থ্য কর্মকর্তার কাছে অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন রাজবাড়ী থেকে আসেন তিনি। সপ্তাহের কয়েক দিন তিনি হাসপাতালে না এসে রাজবাড়ী থেকেই মাঠ পরিদর্শনে যান।
গত মঙ্গলবারও স্বাস্থ্য কর্মকর্তা হান্নানকে হাসপাতালে পাওয়া যায়নি। মুঠোফোনটিও ছিল বন্ধ। তবে ঈদের আগে মুঠোফোনে তাঁর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তখন তিনি বলেন, গত ২৮ আগস্ট থেকে তিনি ১০ দিনের ছুটিতে ঢাকায় রয়েছেন। এরপর ভারতে যাবেন। হাসপাতালের চিকিৎসাসেবার বেহাল দশার ব্যাপারে তিনি বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে আমাকে প্রশাসনিক ও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। হাসপাতালে যে পাঁচজন চিকিৎসক আছেন, তাঁদের দিয়ে ৫০ শয্যার একটি হাসপাতাল সামলানো কঠিন।’
সিভিল সার্জন মো. রহিম বক্স বলেন, চিকিৎসক নিয়োগের বিষয়ে শিগগিরই তিনি মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন।
সাংসদ কাজী কেরামত আলী প্রথম আলোকে বলেন, চিকিৎসক-সংকটে উপজেলার স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। খুব শিগগিরই কয়েকজন চিকিৎসক পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।