৫০ শয্যার হাসপাতালে জনবল সংকট
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু ৫০ শয্যার উদ্বোধনের আট মাস পরও পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়নি। এমনকি এই স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৩১ শয্যার জনবলও নেই। এতে রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০১১ সালের এপ্রিল মাসে সম্প্রসারিত ভবনসহ ৫০ শয্যায় উন্নীত করার কাজ শেষ হয়। গত বছরের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার সফরকালে এর উদ্বোধন করেন। কিন্তু গত আট মাসেও ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক, নার্সসহ অন্যান্য নতুন পদ সৃষ্টি করা হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের বারান্দায় ২০০ থেকে ২৫০ জন রোগীর ভিড়। তিনজন চিকিৎসক বহির্বিভাগের রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। জরুরি বিভাগে কোনো চিকিৎসক নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজীবুস শহীদ তাঁর কক্ষে দাপ্তরিক কাজ করার ফাঁকে রোগী দেখছেন। সম্প্রসারিত ভবনের দোতলায় যাওয়ার সিঁড়ি বন্ধ করে রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ৫০ শয্যার অন্তর্বিভাগ এখনো চালু হয়নি।
সম্প্রতি দেখা যায়, পুরোনো ভবনের দোতলায় অন্তর্বিভাগের নারী ও পুরুষ ওয়ার্ডের সবগুলো শয্যায় রোগী। একজন নার্স দুই ওয়ার্ডে রোগীদের দেখভাল করছেন।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অশোক কুমার ঘোষ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৩১ শয্যার জনবলও নেই। নয়জন নার্সের মধ্যে আছেন ছয়জন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনবিদ পদে কেউ নেই। সম্প্রতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখনো যোগ দেননি। জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) পদে চিকিৎসক আছেন। কিন্তু অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার করা যাচ্ছে না।
নজীবুস শহীদ বলেন, ‘জনবল ও পথ্যের বরাদ্দ না পাওয়ায় ৫০ শয্যায় উন্নীত করার কোনো সুফল পাওয়া যাচ্ছে না। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন চিকিৎসক ও ৩২ জন নার্স প্রয়োজন। কিন্তু আমিসহ পাঁচজন চিকিৎসক আছি। নার্স আছেন ছয়জন।’ তিনি বলেন, ‘জনবল নিয়োগের জন্য গত বছরের ২৭ আগস্ট মৌলভীবাজারের সিভিল সার্জন বরাবর লিখেছি।’
মৌলভীবাজারের সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী বলেন, আগে নতুন পদ সৃষ্টি করতে হবে। এরপর নিয়োগ হবে। গত মে মাসে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৫০ শয্যার জনবল কাঠামো উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।