দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ করতে পারেননি সংশ্লিষ্ট ঠিকাদার। গত নয় মাস ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২১ জুন রাজশাহীর ঠিকাদার খন্দকার মঈনুল ইসলামকে ওই প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। এক বছর ছয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনি শর্মা বলেন, হাসপাতাল দুটি ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য তিনটি করে আবাসিক ও একটি করে হাসপাতালের ভবন নির্মাণ করা হবে। ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পাঁচ কোটি ৫৭ লাখ টাকা এবং নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পাঁচ কোটি ৩০ লাখ টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে। এক বছর ছয় মাসের মধ্যে ঠিকাদারের কাজ শেষ করার কথা ছিল। ঠিকাদার নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় পরে আরও ছয় মাস সময় বাড়ানো হয়। বর্ধিত মেয়াদ অনুযায়ী ২০১২ সালের ২১ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। বর্ধিত মেয়াদের মধ্যে ঠিকাদার দুটি হাসপাতালের ৭০ ভাগ কাজ শেষ করার পর কাজ বন্ধ রাখেন। কাজ শেষ করার জন্য একাধিকবার লিখিতভাবে তাগাদা দেওয়া হলেও ঠিকাদার কোনো যোগাযোগ করেননি।নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাক্রমে মো. সোলায়মান আলী ও শামছুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৫০ শয্যায় উন্নীত হলে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকসহ উন্নত চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ হবে। এতে এলাকার লোকজন উপকৃত হবে।নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শিবলি সাদিক বলেন, তাঁর উপজেলার বেশির ভাগ লোক দরিদ্র ও আদিবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় উন্নতসেবা না পেয়ে এলাকাবাসীকে অতিরিক্ত অর্থ খরচ করে জেলা শহরের বিভিন্ন হাসপাতালে গিয়ে অতিরিক্ত অর্থ খরচ করে সেবা নিতে হচ্ছে। ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী বলেন, ঘোড়াঘাট থেকে দিনাজপুরের দূরত্ব ১০০ কিলোমিটারেরও বেশি। ঘোড়াঘাটে প্রয়োজনীয় উন্নত চিকিৎসাসেবা না পাওয়ায় উপজেলার বাসিন্দাদের অতিরিক্ত অর্থ খরচ করে জেলা শহরের হাসপাতালগুলোতে যেতে হচ্ছে। এতে করে ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে।এ ব্যাপারে ঠিকাদার খন্দকার মঈনুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম মাজাহারুল হক বলেন, ‘ঠিকাদারকে মোট বরাদ্দের ৭০ ভাগ অর্থ দেওয়া হয়েছে। তার পরও কী কারণে তিনি কাজ বন্ধ রেখেছেন, তা আমাদের জানাননি। ঠিকাদারের কার্যাদেশ বাতিল ও নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে হাসপাতালগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’