৫০ শিক্ষকের পদত্যাগপত্র জমা নিয়েছে শিক্ষক ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী কেলেঙ্কারির অভিযোগ এনে গত বৃহস্পতিবার থেকে উপাচার্যের অপসারণ দাবি করছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’।

   প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ৫০ শিক্ষকের পদত্যাগপত্র জমা নিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানায় শিক্ষক ফোরাম। এদিকে ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সমিতি।

গতকাল বেলা একটার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। ফোরামের সভাপতি এ কে এম শামসুদ্দীনের সভাপতিত্বে ও তাঁর সই করা লিখিত বক্তব্য পড়েন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক। লিখিত বক্তব্যে বলা হয়, নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত উপাচার্য মো. রফিকুল হক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের শিক্ষকেরা তাঁর অধীনে আর কাজ করবেন না। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের গত রোববার রাতের জরুরি সভায় প্রশাসনের কর্তাব্যক্তিদের পদত্যাগের সিদ্ধান্ত হয়।

এদিকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের ৫০টি পদত্যাগপত্র ফোরামের কাছে জমা দিয়েছেন শিক্ষকেরা। এসব পদের মধ্যে রয়েছে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক, কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক, হলের প্রাধ্যক্ষ ও হাউস টিউটর, সহকারী প্রক্টর, নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও খামারের পরিচালক।

ফোরামের কাছে পদত্যাগপত্র একযোগে জমা দিলেও সেগুলো রেজিস্ট্রারকে জমা দেওয়া হয়নি। এ বিষয়ে এনামুল হক বলেন, প্রশাসনেদায়িত্বরত কিছু শিক্ষক ক্যাম্পাসের বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। তাঁরা শিগগিরই ক্যাম্পাসে এসে পদত্যাগপত্র জমা দেবেন। এরপরই সেগুলো রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হবে।

উপাচার্য মো. রফিকুল হক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্র বলে দাবি করে আসছেন।

উল্লেখ্য, কয়েক দিন আগে উপাচার্যের সঙ্গে তৃতীয় শ্রেণির এক নারী কর্মচারী কথোপকথনের অডিও ও বেশ কয়েকটি স্থিরচিত্র ফাঁসের ঘটনা ঘটে। ওই অডিও ও স্থিরচিত্র ক্যাম্পাসসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

শিক্ষক সমিতির উদ্বেগ প্রকাশ: এদিকে ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সমিতি। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় আমরা শিক্ষক হিসেবে অপমানিত ও বিব্রতবোধ করছি। উচ্চশিক্ষার পবিত্র অঙ্গনে যেকোনো শিক্ষকের বিরুদ্ধে নৈতিকতাবিবর্জিত আচরণ অপ্রত্যাশিত।