৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দিতে বানবাসী মানুষ সহায়–সম্বল নিয়ে নৌকায় করে আশ্রয়ের সন্ধানে উঁচু বাঁধে যাচ্ছে। গতকাল উপজেলার শেখপাড়া গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো
বগুড়ার সারিয়াকান্দিতে বানবাসী মানুষ সহায়–সম্বল নিয়ে নৌকায় করে আশ্রয়ের সন্ধানে উঁচু বাঁধে যাচ্ছে। গতকাল উপজেলার শেখপাড়া গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

যমুনা নদীতে হু হু করে পানি বাড়ছে। ইতিমধ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ। তলিয়ে গেছে বসতভিটা। ঘরের ভেতর বুকসমান পানি।
গত দুই দিনে বাঁধে এসে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে কয়েক হাজার মানুষ। সেখানেও রয়েছে খাদ্য ও পানির সংকট। নেই শৌচাগারের সুবিধা।
এদিকে ৬৫টি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়েছে। গতকাল রোববার পর্যন্ত উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্য ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চলছে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর।
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘উপজেলার ৫৯টি বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে। এর মধ্যে ৪৪টি বিদ্যালয় ভবন এক বুক পানির নিচে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। পানিবন্দী অবশিষ্ট ১৫টি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পার্শ্ববর্তী বাঁধে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিদ্যালয় ভবন ও শ্রেণিকক্ষে পানি ওঠায় উপজেলার ছয়টি উচ্চবিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন প্রথম আলোকে বলেন, রোববার নতুন করে ২২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে যমুনা নদী বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারি, শেখপাড়া, রোহদহ, চন্দনবাইশা, নিজ চন্দনবাইশা, ফকিরপাড়াসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, এসব গ্রামের অধিকাংশ বসতবাড়িতে এখন এক বুক পানি। পানিবন্দী লোকজন রোববার সকাল থেকেই নৌকা ও কলাগাছের ভেলায় সহায়-সম্বল তুলে আশ্রয়ের সন্ধানে ছুটছে পার্শ্ববর্তী নির্মাণাধীন বন্যানিয়ন্ত্রণ বাঁধে। কোনো কোনো পরিবার বাড়িঘর ছেড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় নিয়েছে। তবে সেখানেও পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে তারা।
চন্দনবাইশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কুদরত এ খুদা বলেন, বসতভিটা ডুবে যাওয়ায় চন্দনবাইশা, নিজ চন্দনবাইশা, শেখপাড়া, ফকিরপাড়া, শাকদহ, ইছামারা, দড়িপাড়া কামালপুর, ধলিরকান্দি, বয়রাকান্দিসহ ১২টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার এখন পানিবন্দী।
সকাল নয়টার দিকে ঘুঘুমারি দক্ষিণপাড়ায় গিয়ে দেখা গেছে, বাড়িঘরে এক বুক পানি। বায়েজ প্রামাণিক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়ের সন্ধানে সহায়-সম্বল তুলছেন নৌকায়। সুলতান প্রামাণিকের স্ত্রী দেলেরা বেগম বলেন, ‘পাঁচ দিন ধরে ছোট ছোট ছলপল লিয়ে এক বুক পানির নিচে। চাল-ডাল, লবণ-তেল সব পানির নিচে। রান্না বন্ধ। ঘরত শুকনা খাবার নাই। সব টিউবওয়েল পানির নিচে। এর মধ্যে আবার কারিন্টের ভয়। পানিত বাড়িঘর থই থই করিচ্চে। কারিন্টের তার ঝুলে আছে মাথার উপর। বন্ধ করার কেউ নাই।’ সুলতান শেখের স্ত্রী খালেদা বেগম বলেন, ‘কয়ডা দিন মুড়ি-চিড়া খ্যায়া দিন কাটিচ্চে। খিদার জ্বালা সহ্য করব্যার না পারে সবকিছু লিয়ে ওয়াপদা বাঁধত যাচ্চি।’
সকাল সাড়ে নয়টায় ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষের ভেতর এক বুক পানি। শ্রেণিকক্ষের ভেতরে পানিতে তলিয়ে গেছে শিক্ষার্থীদের বসার বেঞ্চ। প্রায় একই চিত্র চন্দনবাইশা আয়েশা-ওসমান বালিকা উচ্চবিদ্যালয় এবং নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়েও।
নওখিলা পিএন উচ্চবিদ্যালয়ে পড়ে রাজন মিয়া। কয়েক দিন ধরেই পানিবন্দী হয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ। রোববার সকালে পড়ার টেবিলে পানি উঠে বই-খাতা, স্কুল ব্যাগ সব পানিতে নষ্ট হওয়ার পর থেকেই মন খারাপ রাজনের। রাজন বলে, ‘ঘরবাড়ি ডুবে গেছে। কাপড়-চোপড় পানিতে ভেসে গেছে। পাঁচ দিন ধরে স্কুলে যেতে পারছি না। আজ সকালে পড়ার টেবিলে পানি উঠে বই-পুস্তক ভিজে নষ্ট হওয়ায় খুব কষ্ট পাচ্ছি।’
রোহদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে রোহদহ আকন্দপাড়ার ২২ থেকে ২৫টি পরিবার। আশ্রয় নেওয়া ইমান আলী বলেন, ‘বাড়িঘর পানির নিচে। চাল-ডাল কিছুই রক্ষা হয়নি। খালি হাতে পরিবারসহ এখানে এসে আশ্রয় নিয়েছি। রান্নার চুলাও জ্বলছে না। কাছে শুকনা খাবারও নাই।’ একই ধরনের কথা বলেন ঘুঘুমারির আয়েজ উদ্দিনসহ পাঁচ-সাতজন।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলম বলেন, সারিয়াকান্দি উপজেলার চারটি ইউনিয়নের ১২ হাজার মানুষ বর্তমানে পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকার মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণের জন্য রোববার দেড় লাখ টাকা ও ১০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।