৫০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছে আইইউবি
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) বিনা বেতনে ৫০ জন শিক্ষার্থীকে স্নাতক শ্রেণিতে পড়ার সুযোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যারোজ প্রোগ্রামের আওতায় ২৫ জন মেয়ে ও ২৫ জন ছেলে প্রতিবছর এই সুবিধা পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবির বিশেষায়িত স্নাতক প্রোগ্রাম ‘আইইউবি অ্যারোজ’-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, শুধু নিলেই হবে না, দিতে পারাটাও শিখতে হবে। সাফল্য মাপার সবচেয়ে ভালো উপায় হলো, আমি কী পেলাম না ভেবে আমি কী দিলাম, তা ভাবা। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে তরুণ শিক্ষার্থীদের দেওয়ার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং অ্যারোজের পেছনের চিন্তাভাবনা নিয়ে কথা বলেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। বক্তব্য দেন আইইউবির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিন ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইইউবির বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান, মূকাভিনয়সহ নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেন।