জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শিশু হৃদ্রোগ নিয়ে ষষ্ঠ কর্মশালা। শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল ও কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির সহযোগিতায় এবার বিনা মূল্যে ৫০টি হতদরিদ্র শিশু সেবা পাবে।
কর্মশালা উপলক্ষে দুবাই সরকারি হাসপাতালের শিশু বিভাগের প্রধান আহমেদ মোহাম্মদ আল কামালীর নেতৃত্বে একটি দল এখন ঢাকায়। এ দলটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে শিশুদের হৃদ্যন্ত্রে যুক্ত শিরা-ধমনিতে বেলুন, স্টেন্ট ও ক্যাথেটার লাগাবে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ মোহাম্মদ আল কামালী বলেন, ‘বিশ্বের অনগ্রসর বেশ কিছু দেশে আমরা কাজ করেছি। কিন্তু বাংলাদেশ আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। আমরা চাই এ দেশের শিশুদের ওপেন হার্ট সার্জারির মতো জটিল সেবা দিতে। কিন্তু এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র প্রস্তুত না থাকায় এখনই কাজটি করা সম্ভব হচ্ছে না।’
আহমেদ মোহাম্মদ আল কামালী আরও বলেন, দুবাইতে দিনে চার-পাঁচটির বেশি শিশুকে এই চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। কিন্তু বাংলাদেশের চিকিৎসকেরা যথেষ্ট দক্ষ হওয়ায় আটজন পর্যন্ত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু হৃদ্রোগ বিভাগের প্রধান এ বি এম আবদুস সালাম বলেন, বাংলাদেশে বহু নারী ও শিশু হৃদ্রোগে আক্রান্ত। কিন্তু হাসপাতালের মোট সম্পদের মাত্র ১০ ভাগ এদের জন্য বরাদ্দ। শিশুদের জন্য আলাদা ব্যবস্থা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
ইনস্টিটিউটের পরিচালক এস টি এম আবু আজম নিবিড় পরিচর্যা কেন্দ্র ও সিসিইউর উন্নয়নে সরকারের সহযোগিতা চান। স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুর-উল-ইসলাম ইনস্টিটিউটে চিকিৎসাসেবার উন্নয়নে চিকিৎসকদের সচেষ্ট হওয়ার পরামর্শ দেন। আকলিমা বেগম পিরোজপুর থেকে তিন বছরের মেয়ে তারাননুমকে নিয়ে এসেছেন। চিকিৎসকেরা দেড় লাখ টাকা খরচ হতে পারে বলে জানিয়েছিলেন। পিছিয়ে পড়েছিলেন তাঁরা। এবার বিনা মূল্যে চিকিৎসা পেয়ে খুশি।