৫০ সড়কে জলাবদ্ধতা, ১৫ সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতুয়াইল ইউনিয়নের মদিনাবাগ ও মুজাহিদ নগরের এই সড়ক প্রায় তিন বছর ধরে পয়োনিষ্কাশন নালার ময়লা পানিতে জলাবদ্ধ হয়ে আছে৷ ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো
মাতুয়াইল ইউনিয়নের মদিনাবাগ ও মুজাহিদ নগরের এই সড়ক প্রায় তিন বছর ধরে পয়োনিষ্কাশন নালার ময়লা পানিতে জলাবদ্ধ হয়ে আছে৷ ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো

শ্যামপুর, মাতুয়াইল ও দনিয়া ইউনিয়নের প্রায় ৫০টি সড়ক দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে আছে। এসব সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ১৫টি সড়কে প্রায় দুই বছর ধরে যান চলাচল বন্ধ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই তিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় পয়োনিষ্কাশন লাইন ভেঙে যাওয়া ও সড়ক থেকে পয়োনিষ্কাশনের লাইন উঁচু হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার প্রায় সব সড়কই খানাখন্দে ভরা। চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ বাসিন্দা। দনিয়া ইউনিয়ন ও মাতুয়াইল ইউনিয়ন জাতীয় সংসদের ঢাকা-৫ আসনে অন্তর্ভুক্ত, শ্যামপুর ঢাকা-৪ আসনের। বর্তমানে এই তিনটি ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) অন্তর্ভুক্ত করার কাজ প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল। তিনি বলেন, ‘ওই তিন ইউনিয়নসহ রাজধানীর আশপাশের আটটি ইউনিয়ন ডিএসসিসির অধীনে আনতে মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছে। আশা করি দু-এক মাসের মধ্যেই ফলাফল পাব।’
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মাতুয়াইল ইউনিয়নের মুজাহিদ নগর ও মদিনাবাগের ছোট-বড় প্রায় ২০টি সড়ক পয়োনিষ্কাশন লাইনের ময়লা পানিতে ডুবে আছে। এর মধ্যে মুজাহিদ নগর ও মদিনাবাগের মাঝের সড়কে জমেছে হাঁটুপানি। সড়কের পশ্চিম পাশে উঁচু পয়োনিষ্কাশন লাইনের ওপর দিয়ে হাঁটছেন পথচারীরা। পায়ে চলা যায় না বলে পুব পাশের বাসাবাড়ি ও দোকানপাটে রিকশায় যাতায়াত করছেন বাসিন্দারা। বিকেল সাড়ে চারটার দিকে ইঞ্জিনে পানি ঢুকে (নারায়ণগঞ্জ ২-১১২৩৪৯) একটি অটোরিকশা এই সড়কে মাঝে বন্ধ হয়ে যায়। পরে চালক ময়লা পানিতে নেমে অটোরিকশাটি সড়কের পশ্চিম পাশে এনে যাত্রীদের নামিয়ে দেন।
এ ছাড়া সড়কে এক হাঁটুরও বেশি পানি ও বড় বড় গর্ত থাকায় পশ্চিম মোহাম্মদনগর, পূর্ব কদমতলী, শ্যামপুর ঢাল, মুন্সিবাগ, কদমতলী, মেরাজনগর, মাদ্রাসা রোড, খানকা শরিফ রোড এলাকার প্রায় ১৫টি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ। এসব এলাকার অলিগলিতেও পানি জমে আছে। সড়কে মানুষের চলাচল কম। কয়েক জনকে ময়লা পানি মাড়িয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে সড়কের দুপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ। প্রায় ৪০টি দোকানের ভেতর ঢুকেছে পানি। রায়েরবাগের বিভিন্ন সড়কে রিকশা ও অটোরিকশা চলছে, তবে সড়ক খানাখন্দে ভরা।
রায়েরবাগের বাসিন্দা মীর আহম্মেদ আলী বলেন, ‘এই এলাকার সড়কগুলোতে দীর্ঘদিন ধরে ময়লা পানি মাড়িয়ে চলাচল ও দুর্গন্ধে বিভিন্ন শ্রেণির মানুষ পেটের পীড়া, চর্মসহ বিভিন্ন ধরনের অসুখে ভুগছেন। সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় যানবাহনের তিন গুণ ভাড়া বেশি দিয়ে যাতায়াত করতে হচ্ছে।’
মদিনাবাগসহ দনিয়া ইউনিয়নের কোথাও কোনো জলাবদ্ধতা ও সড়ক ভাঙাচোরা নেই বলে দাবি করেছেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুম্মন মিয়া। শ্যামপুর ইউনিয়ন ও মাতুয়াইল ইউনিয়নের চেয়ারম্যানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ডিএসসিসি সূত্র জানায়, রাজধানী-সংলগ্ন ওই তিনটি ইউনিয়ন পরিষদে দিনে দিনে বহুতল ভবন গড়ে উঠছে। মানুষের চাপও বাড়ছে। কিন্তু এসব এলাকার পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বা সংস্কারে বড় ধরনের বরাদ্দ দেওয়া হয় না।
জানতে চাইলে ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি বেশি বৃষ্টি হওয়ায় সড়কে পানি জমেছে। তিন বছর জনসাধারণের দুর্ভোগ বেশি হওয়ায় জলাবদ্ধতার কথা বাড়িয়ে বলেছেন স্থানীয় বাসিন্দারা।’