৫০ হজ এজেন্সিকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা হওয়ার পরও হজযাত্রীদের বিমানের টিকিট না করায় ৫০টি হজ এজেন্সিকে গতকাল বুধবার আশকোনার হজ কার্যালয়ে তলব করে ধর্ম মন্ত্রণালয়। এসব এজেন্সিকে দ্রুত তাদের হজযাত্রীদের টিকিট সংগ্রহ করে ফ্লাইটে পাঠানোর তাগাদা দেওয়া হয়।

হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৫০টি এজেন্সির মধ্যে দুই-তিনটি এজেন্সি কোনো হজযাত্রীর টিকিটই করেনি। অন্যরা তাদের হজযাত্রীদের মধ্যে একাংশের টিকিট করেছে। এর মধ্যে ১৭টি এজেন্সির টিকিট না করার সংখ্যাটা বেশি।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আর তিন দিন হজ ফ্লাইট পরিচালনা করবে। আর সৌদি এয়ারলাইনস করবে চার দিন। এই সময়ের মধ্যে ২৭ হাজার ১৭১ হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। কিন্তু হজযাত্রী পরিবহনের জন্য নির্ধারিত এই দুটি এয়ারলাইনসের যে পরিবহনক্ষমতা, তাতে ৪ হাজার ৪২ জন যাত্রীকে পাঠানো নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। এ জন্য বিমান কর্তৃপক্ষ সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আরও দুদিন বেশি (২৭ ও ২৮ আগস্ট) হজ ফ্লাইট পরিচালনা করার অনুমতি চেয়েছে। গতকাল পর্যন্ত সেই অনুমতি পাওয়া যায়নি।