৫০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ থেকে গতকাল দুপুর ১২টার দিকে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা।
৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গতকাল শাহপরীর দ্বীপ বিওপির নায়েক সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে নাফ নদের ৬ নম্বর স্লুইসগেট বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহলদল অবস্থান নেয়। এ সময় দুজন লোক হেঁটে যাওয়ার সময় তাঁদের থামার সংকেত দিলে তাঁরা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজিবি তাঁদের ধাওয়া করে। ধাওয়ার পর দুই ব্যক্তি একটি প্যাকেট ফেলে পালিয়ে গেলে বিজিবি ওই প্যাকেটটি উদ্ধার করে। পরে স্থানীয় বাসিন্দারা মো. ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের বারান্দা থেকে আরও একটি প্যাকেট উদ্ধার করেন।
পরে উদ্ধার করা প্রথম প্যাকেট থেকে ৪৫ হাজার ও বাড়ির ভেতরের দ্বিতীয় প্যাকেট থেকে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।