৫০ হাজার একর জমিতে লবণ উৎপাদন আবারও বন্ধ
কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলায় গত রোববার রাতে প্রায় এক ঘণ্টা বজ্রসহ শিলাবৃষ্টি হয়। এতে প্রায় ৫০ হাজার একর জমির লবণ উৎপাদন আবারও অন্তত ১০ দিনের জন্য বন্ধ হয়ে গেছে। বিসিক কক্সবাজারের লবণ উন্নয়ন প্রকল্পের সমন্বয় কর্মকর্তা মো. শামীম আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ৬ এপ্রিল পর্যন্ত মৌসুমের চার মাসে জেলার প্রায় ৫৫ হাজার একর জমিতে নয় লাখ ৩৫ হাজার ৭০০ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। কিন্তু রোববার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত শিলাবৃষ্টিতে অন্তত ৫০ হাজার একরের বেশি মাঠে লবণ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এসব মাঠ উৎপাদন উপযোগী করতে অন্তত ১০ দিন লাগবে। এই সময়ের মধ্যে ৫০ হাজারের বেশি প্রান্তিক চাষি অন্তত দেড় লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের সুযোগ পাবেন না। টেকনাফের রঙিখালী গ্রামের চাষি সোলতান আহমদ (৩৪) বলেন, গত ২ ও ৩ মার্চ বৃষ্টি হলে লবণ উৎপাদন বন্ধ থাকে। এরপর মাঠ ঠিক করে উৎপাদন শুরু হলে ৭ মার্চ আবার বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন আরও কয়েক দিন বন্ধ থাকে। এখন আরও ১০ দিন লবণ উৎপাদন বন্ধ থাকলে ঋণের টাকা শোধ করা সম্ভব হবে না। ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়েই দেশের চাহিদার বেশির ভাগ পূরণ হচ্ছে। বর্তমানে জেলার ৬০ হাজার প্রান্তিক চাষি ছাড়াও প্রায় পাঁচ লাখ মানুষ লবণ উৎপাদন, বিপণন ও শিল্পের সঙ্গে যুক্ত।