৫০ হাজার গাছ কেটে চিংড়িঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের রামপুরা সুন্দরবনের উপকূলীয় বন বিভাগের ৫০ হাজারের বেশি বাইন ও কেওড়াগাছ কেটে তৈরি করা হয়েছে একাধিক চিংড়িঘের। এতে পরিবেশ বিপন্নের পাশাপাশি উপকূলে জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।
গত বুধবার সকালে শহর থেকে সমুদ্রপথে ৫৫ কিলোমিটার দূরে চকরিয়ার সুন্দরবনে গিয়ে দেখা গেছে, কয়েক শ একর প্যারাবনের হাজার হাজার বাইন ও কেওড়াগাছ কেটে সেখানে বিশাল আকৃতির কয়েকটি চিংড়িঘের তৈরি করা হয়েছে। ঘের পাহারার জন্য তিন দিকে আটটি ঘর তৈরি করে পাহারা বসানো হয়েছে।
পাহারাদারেরা বলেন, ১০-১২ দিন আগে তিন শতাধিক মানুষ প্যারাবনে ঢুকে অন্তত ৫০ হাজার বাইন ও কেওড়াগাছ কেটে ফেলে। এরপর গাছগুলো চকরিয়ার বিভিন্ন ইটভাটায় জ্বালানি হিসেবে বিক্রি করা হয়। স্থানীয় বদরখালীর মোহাম্মদ মাঝি, নুর হোসেন, চকরিয়ার নাগু সওদাগর, আবদুল শুক্কুর এই প্যারাবন নিধন করেন। ১০-১৫ বছর বয়সী বড় বড় গাছ কাটা হয় করাত দিয়ে। আর ছোট গাছের প্যারাবনে পেট্রল ঢেলে আগুন দিয়ে ধ্বংস করা হয়। পরে গাছের মুথা বা গোড়ালি উপড়ে ফেলা হয়। কেউ এসে যেন প্যারাবনের চিহ্ন দেখতে না পান।
ওই দিন বেলা তিনটা পর্যন্ত সুন্দরবন ঘুরে কয়েক হাজার গাছের মুথা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেখানে মরা শামুক পড়ে রয়েছে। স্থানীয় ছেলেমেয়েরা চুন ও মাছের খাদ্য তৈরির জন্য মরা শামুক তুলে নিচ্ছেন।
স্থানীয় জে এম ঘাট এলাকার বাসিন্দা আবু নাসের (৫০) বলেন, রাতের বেলায় পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে এই প্যারাবন ধ্বংস করা হয়েছে। আগে এই প্যারাবনে হরিণ, বানর, বাদুড়, সাপ, বকসহ নানা পাখির বিচরণ দেখা যেত। প্যারাবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করত এলাকায় কয়েক হাজার পরিবার।
স্থানীয় তরুণ জসিম উদ্দিন (২৪) বলেন, কয়েক শ একরের প্যারাবনের ৫০ হাজারের বেশি বাইন ও কেওড়াগাছ কেটে নিলেও বন বিভাগ নীরব ভূমিকা পালন করে। তারা একটি গাছও উদ্ধার করতে পারেননি।
দখলদার নুর হোসেন ও আবদুল শুক্কুর বলেন, চিংড়িঘের করার জন্য তাঁরা ভূমি মন্ত্রণালয় থেকে ৩১ জনের নামে ৩১৫ একর প্যারাবন বরাদ্দ নিয়েছেন। সেখানে এখন ঘের তৈরি করা হয়েছে। প্যারাবনের গাছ কে কেটেছে, তা তাঁরা জানেন না।
উপকূলীয় বন বিভাগ কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক ভুঁইয়া বলেন, এই রেঞ্জের অধীনে এক হাজার একরের বেশি প্যারাবন রয়েছে। সেখানে গাছ আছে প্রায় ১৭ লাখ। কিন্তু বিশাল প্যারাবন পাহারা দিচ্ছে মাত্র তিনজন কর্মকর্তা-কর্মচারী।’
পরিবেশবাদী সংগঠন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, সুন্দরবনের ৫০০ একরের বেশি এই প্যারাবনে পাঁচ লাখ ৩৭ হাজারের বেশি বাইন ও কেওড়াগাছ ছিল। ইতিমধ্যে তিন লাখের বেশি গাছ কেটে চিংড়িঘের করায় উপকূলের ১০ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়েছে।