থাইল্যান্ড সরকার বাংলাদেশ থেকে ৫০ হাজার জেলেকর্মী নেবে। গতকাল সোমবার সংসদে নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তার আগে বিকেল পৌনে পাঁচটায় সভাপতিমণ্ডলীর সদস্য ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। একই প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে জেলে নেওয়ার বিষয়টি থাইল্যান্ড সরকার তাদের মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে একটি সংশোধিত খসড়া সমঝোতা স্মারক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মালয়েশিয়া সরকার ২০১১ সাল থেকে এখন পর্যন্ত দুই লাখ ৬৭ হাজার ৮০৩ জন অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধ করে নিয়েছে। চলতি মাস থেকে মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানোর কাজ শুরু হবে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্প্রতি বাহরাইনে অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী ছয় শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। বাকি সাতটি পরিবারকে আদালত থেকে ওয়ারিশ বিষয়ে আদেশ পাওয়া সাপেক্ষে আর্থিক অনুদান দেওয়া হবে।ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের জানান, ডেসটিনি ও সহযোগী প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দায় নিরূপণের জন্য তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির কাছে পাওনাদারদের দায়দেনার বিষয়ে জানা যাবে। সংসদে অনুপস্থিত হারুনুর রশিদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, দেশের অভ্যন্তরীণ বাজারে চায়ের চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। জাফর ইকবাল সিদ্দিকীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত ৪৪ হাজার ৩০১ কেজি ফরমালিন আমদানি করা হয়েছে। হাসপাতাল ও ল্যাবরেটরিতে গবেষণার জন্য ফরমালিন আমদানি করা হয়। আমদানি করে থাকে ৩৮টি প্রতিষ্ঠান। নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, সাবান, ডিটারজেন্ট পাউডার, বিভিন্ন প্রকার প্যাকেটজাত মসলা, প্যাকেটজাত বিস্কুট ও খাদ্যদ্রব্যের মূল্য সরকার নির্ধারণ করে না। সংশ্লিষ্ট কারখানার মালিকেরা মূল্য নির্ধারণ করেন। তবে প্রয়োজনে সরকার মূল্য নির্ধারণ করে দিয়ে তা কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে।