৫০ হাজার জেলের জন্য পাঁচটি আশ্রয়কেন্দ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ইলিশ ও শুঁটকি মৌসুমে দুবলারচরসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় সমবেত হয় প্রায় ৫০ হাজার মৎস্যজীবী। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় নেওয়ার জন্য তাদের জন্য আছে মাত্র পাঁচটি আশ্রয়কেন্দ্র। এসব কেন্দ্রে সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ আশ্রয় নিতে পারে।বন বিভাগ সূত্রে জানা যায়, ইলিশ ও শুঁটকি মৌসুমে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সমবেত হয় প্রায় ৫০ হাজার জেলে। বন বিভাগ শুধু প্রতি শুঁটকি মৌসুমে জেলেদের কাছ থেকে কোটি টাকার রাজস্ব আদায় করলেও জেলেদের জন্য চরগুলোতে নেই পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। এমনকি দুবলার চরকেন্দ্রিক আটটি চরে যে পাঁচটি কেন্দ্র আছে, ২০০৭ সালের সিডরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখনো পর্যন্ত সেগুলো মেরামত করা হয়নি।পূর্ব সুন্দরবনের দুবলারচর কার্যালয়ের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ইলিশ ও শুঁটকি মৌসুমে সুন্দরবনসহ বঙ্গোপসাগরের আটটি চরে জেলেপল্লি ও ডিপো স্থাপন করা হয়। এ সময় এ এলাকায় সমবেত হয় প্রায় ৫০ হাজার জেলে। নিম্নচাপজনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এখানে আশ্রয় নেওয়ার জন্য আশ্রয়কেন্দ্র আছে মাত্র পাঁচটি।বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে আশির দশকে এগুলো নির্মাণ করা হয়েছিল। আলোর কোল, মেহের আলী, অফিস কিল্লা, মাঝের কিল্লা ও শ্যালার চরে অবস্থিত এসব কেন্দ্রে মাত্র পাঁচ হাজার জেলে আশ্রয় নিতে পারে। আলোর কোলের হোটেল ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, গত সিডরে ২০-২৫ হাজার জেলে নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছিল বনের ভেতরের বিভিন্ন ছোট ছোট খাল ও বড় গাছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য জেলের প্রাণহানি ঘটে। দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বলেন, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাবে দুবলারচরে গেল সিডর ও আইলার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মারা যায় সহস্রাধিক জেলে ও বহদ্দার। সাগরপারের জেলেপল্লিগুলোতে দুর্যোগে আশ্রয় নেওয়ার জন্য কমপক্ষে ৪০টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের পর এ বিষয়ে অনেক লেখালেখি হয়। সরকারও আশ্বাস দেয়। কিন্তু বাস্তবায়ন হয় না।শরণখোলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, সরকার জেলেদের কাছ থেকে রাজস্ব আদায় করলেও জেলেদের নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থা নেয় না। যে পাঁচটি আশ্রয়কেন্দ্র আছে, সেগুলোর অবস্থাও ভয়াবহ। দীর্ঘ ৩০ বছরে সেগুলোর কোনো সংস্কার করা হয়নি। তা ছাড়া সাগরে জেলেদের আগাম বিপৎসংকেত জানানোরও কোনো ব্যবস্থা নেই। জেলেপল্লিগুলোতে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তার কথা নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো প্রথম আলোকে বলেন, বন বিভাগের ৮০টি কার্যালয়ের মধ্যে যেসব এলাকার কাছে জনবসতি নেই, সে রকম প্রত্যন্ত এলাকার ৪০টি কার্যালয় ও ক্যাম্পে পর্যায়ক্রমে অফিস কাম ব্যারাক করার পরিকল্পনা রয়েছে। এগুলো নির্মাণ হলে প্রাকৃতিক দুর্যোগে জেলেরা সেখানে আশ্রয় নিতে পারবে। তবে দুবলারচরকেন্দ্রিক চরগুলোতে আরও বেশ কিছু বড় কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন।