যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্যজট দিন দিন প্রকট আকার ধারণ করছে। বন্দরের গুদামে (শেড) পণ্যবাহী গাড়ি প্রবেশের তিন থেকে পাঁচ দিন পর পণ্য খালাস করা হয়। গাড়িগুলোর এ সময় অবস্থানের জন্য ক্ষতিপূরণ দিতে হয় আমদানিকারকদের। এতে বেড়ে যায় পরিবহনের খরচ। যথাসময়ে ছাড় না করায় বর্তমানে বন্দরে রক্ষিত ৫০ হাজার টন পণ্যের মধ্যে দুই হাজার ৮৭৯ টন নিলামযোগ্য হয়ে পড়েছে।বেনাপোল বন্দর পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দরের ৩৭টি শেড ও চারটি ইয়ার্ডে একসঙ্গে ৩৮ হাজার টন পণ্য সংরক্ষণ করা যায়। সেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার টন পণ্য ঢোকানো হয়। এ জন্য বন্দরে পণ্যজট লেগেই থাকে। বন্দরের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, বন্দরের সেকেলে ৪১টি শেডকে তিনটি আধুনিক শেডে রূপান্তরের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে জরিপের কাজ শেষ করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এ পরিকল্পনা বাস্তবায়ন হলে সরাসরি শেডের ভেতর ট্রাক ঢুকিয়ে পণ্য ওঠানো-নামানোর কাজ করা যাবে। তখন শেডের ধারণক্ষমতাও বাড়বে। পণ্যজট আর থাকবে না।বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসের আমদানি-রপ্তানি নীতিমালা অনুযায়ী পণ্য আমদানির এক মাসের মধ্যে ছাড় করাতে হয়। বন্দরের গুদামে পণ্য রাখার খরচ কম হওয়ায় অধিকাংশ আমদানিকারক এ সময়ের মধ্যে পণ্য ছাড় করেন না বলে অভিযোগ রয়েছে। এ কারণে গুদামে জায়গার সংকট দেখা দেয়। বন্দরের শেড ও ইয়ার্ডে বর্তমানে ৫০ হাজার টন পণ্য রয়েছে। এর মধ্যে দুই হাজার ৮৭৯ টন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদোত্তীর্ণ এসব পণ্য নিলামের জন্য গত ২ মার্চ কাস্টমস হাউসের কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।এ ব্যাপারে কাস্টমস কমিশনার আবদুল মান্নান শিকদার বলেন, পণ্য আমদানির ৩০ দিনের মধ্যে পণ্য না নিলে আমদানিকারক প্রতিষ্ঠানকে নিলামের নোটিশ দেওয়া হচ্ছে, যে কারণে আমদানিকারকদের মধ্যে নিলামভীতি সৃষ্টি হয়েছে। নিলামযোগ্য পণ্য যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।বন্দরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আমদানি করা পণ্যের রাজস্ব বেশি হলে আমদানিকারক কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পণ্যটি নিলাম দেখিয়ে নিজেরাই কম দামে কিনে নেন। তবে নিলাম কমিটির আহ্বায়ক যুগ্ম কমিশনার আজিজুর রহমান বিষয়টি নাকচ করে বলেন, অনেক সময় একই পণ্য তিনবার নিলাম করেও উপযুক্ত দাম পাওয়া যায় না। এ জন্য পণ্যটি গুদামে ফেলে রাখতে হয়। এদিকে সিঅ্যান্ডএফ এজেন্ট মতিয়ার রহমান অভিযোগ করে বলেছেন, বন্দরের গুদাম ও শেডে পণ্য সংরক্ষণের আন্তর্জাতিক নীতিমালায় বলা আছে, সাত ফুটের বেশি উচ্চতায় পণ্য সংরক্ষণ করা যাবে না। অথচ বেনাপোলের অধিকাংশ শেডে ১০ থেকে ১২ ফুট উচ্চতায় পণ্য সংরক্ষণ করা হয়। এতে নিম্নস্তরের পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। বন্দরের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এ বিষয়ে বলেন, শেডে জায়গার স্বল্পতার কারণে কখনো কখনো ১২ ফুট উচ্চতায়ও পণ্য রাখতে হয়। নতুন শেড না হওয়া পর্যন্ত কিছুই করার নেই।