৫০ হাজার টাকা অনুদান অ্যাসিডদগ্ধ নওরীনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিডদগ্ধ নুসরাত জাহান নওরীনের হাতে প্রথম আলো ট্রাস্টের তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত এক সভায় নওরীন ও তার বাবা মোহাম্মদ ইসমাঈলের হাতে ৫০ হাজার টাকার সঞ্চয়পত্র তুলে দেন এসপি শ্যামল কুমার নাথ।
সভায় এসপি শ্যামল কুমার নাথ ছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস, প্রথম আলো বন্ধুসভার কক্সবাজার সরকারি কলেজের সভাপতি ইব্রাহিম খলিল ও নওরীনের বাবা মো. ইসমাঈল।
নওরীনের বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল (বর্তমানে উলুবনিয়া) গ্রামে। ২০১৩ সালের ৬ জুন বিকেলে বাড়ির পাশের ছড়া খালে গোসল করতে গেলে স্থানীয় সাইফুল ইসলাম নামের এক বখাটে চতুর্থ শ্রেণির ছাত্রী নওরীনকে একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। এরপর সাইফুল নওরীনকে চেতনানাশকের সাহায্যে অজ্ঞান করে অ্যাসিড দিয়ে ক্ষতবিক্ষত করে। এ ঘটনায় ২৩ জুন রাতে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নির্দেশে চকরিয়া থানা মামলা রেকর্ড করে। বর্তমানে কক্সবাজার জজ আদালতে মামলাটি বিচারাধীন। বখাটে সাইফুল গত তিন মাস ধরে কারাগারে আছে।
সভায় নওরীনের বাবা মোহাম্মদ ইসমাঈল বলেন, ‘বখাটে সাইফুল জেলে থাকলেও তার ভাই নজরুল ইসলাম প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। কিছুদিন আগে আমার বাড়ির আঙিনায় অস্ত্র রেখে পুলিশকে খবর দেয় নজরুল ও তার লোকজন। হত্যার হুমকিতে আমার মেয়ে পড়ালেখা করতে পারছে না।’
নওরীন বলে, ‘আমি এখন পড়ালেখা করতে চাই। কিন্তু বখাটে সাইফুল ও তার ভাইদের হুমকিতে স্কুলে যেতে পারছি না।’
জবাবে এসপি বলেন, ‘নিজেকে একা ভাববার কোনো কারণ নেই। আপনাদের পাশে সরকার, তরুণ সমাজ, পুলিশ প্রশাসন ও সর্বোপরি প্রথম আলোর মতো একটি পত্রিকা রয়েছে। নিরাপত্তাহীনতার বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।’