৫০ হাজার টাকা আদায়ে চার কিশোরের কৌশল
ঈদ ও পূজার খরচের জন্য ‘অপহরণ’ নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিল চার কিশোর। গত রোববার রাতে পুলিশ এ ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে কথিত অপহূত আরেকজনকে। এদের মধ্যে দুজন স্কুলছাত্র বলে জানা গেছে।গ্রেপ্তার হওয়া তিন কিশোর হচ্ছে মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ মফিজ। কথিত অপহূত কিশোরের নাম সনত সুশীল রাহুল। রাহুল মিউনিসিপ্যাল বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। রিয়াদ তার বন্ধু। সে একই বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র। আর ফারুক এ বছর পড়াশোনা ছেড়ে একটি দোকানে চাকরি নেয়। মফিজ মেহেদীবাগের একটি পোশাক কারখানার শ্রমিক।পুলিশ সূত্র জানায়, রাহুলের পরামর্শে রিয়াদ অপহরণ নাটক সাজায়। রাহুলের বাবা বিদেশে ব্যবসা করেন। প্রচুর টাকার মালিক তিনি। দুর্গাপূজা উপলক্ষে বিশেষ কারণে রাহুলের টাকার দরকার। তাই সে মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায়ের ফন্দি আঁটে। এতে তার পূজার খরচ ও বন্ধুদের ঈদের খরচের জোগান হবে। টাকা আদায়ের কৌশল নিয়ে রাহুল গত শনিবার সকালে রিয়াদের সঙ্গে পরামর্শ করে।রিয়াদ প্রথম আলোকে বলেছে, ‘পূজা উপলক্ষে রাহুলের ৪৫ হাজার টাকা দরকার। তাই তার মায়ের কাছ থেকে টাকা আদায়ের কৌশল বের করতে শনিবার সকালে আমার বাসায় আসে রাহুল। এরপর আমরা রাহুলকে আটক করেছি বলে তার মাকে জানাই। ছেলে পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে।’রাহুলের মা তাপসী সুশীল বলেন, ‘রাহুল কোচিং করার কথা বলে সকালে পাথরঘাটার বাসা থেকে বের হয়। দুপুর গড়িয়ে যাওয়ার পরও সে বাসায় না ফেরায় আমি চিন্তিত হয়ে পড়ি। দুপুরে তার মোবাইল ফোন বন্ধ ছিল। তিনটার দিকে আমি মোবাইলে আবার কল দিলে একটি ছেলে ধরে। ছেলেটি বলে, ‘আপনার ছেলে আমাদের কাছে আছে। ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। জিইসি মোড়ে টাকা নিয়ে আসতে হবে।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘তাপসী সুশীল তাঁর ছেলের কথিত অপহরণের বিষয় নিয়ে ইফতারের আগে আমার সঙ্গে কথা বলেন। মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে আমরা তাপসীকে জিইসি মোড়ে পাঠাই। রোববার রাতে টাকা নিতে আসার সময় এক কিশোর ধরা পড়ে। পরে নগরের গরীবউল্লাহ শাহ মাজার এলাকা থেকে রাহুলকে উদ্ধার ও অন্য দুই কিশোরকে গ্রেপ্তার করি।’কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন বলেন, রাহুল মহল্লার একটি মেয়েকে পছন্দ করে। পূজায় ওই মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে চেয়েছিল সে। তাই তার টাকার দরকার হয়। বন্ধুদের সঙ্গে ফন্দি করে সে এই অপহরণ নাটক সাজায়।তবে রাহুল দাবি করে, ‘ওরা (রিয়াদ, ফরুক) আমাকে অপহরণ করে মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা নিতে চেয়েছিল। এর মধ্য থেকে আমাকে ১৫ হাজার টাকা ভাগ দেওয়ার কথা ছিল।’এসআই সদীপ কুমার দাস বলেন, গতকাল চার কিশোরকে মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। বিচারক চারজনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।